আপডেট : ০৭ June ২০২১
ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট। ১০ মিনিটের ব্যবধানে দু’বার কম্পন অনুভূত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে একবার ও ৬টা ২৯ মিনিটে একবার কেঁপে ওঠে সিলেট। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র মেট্রোলজিস্ট মুমিনুল ইসলাম বলেন, ভূমিকম্প শুধু সিলেট অঞ্চলে অনুভূত হয়েছে। রিখটার স্কেলে দু’টি ঝাঁকুনিরই মাত্রা ছিল ৩ দশমিক ৮। এটির উৎপত্তিস্থল সিলেটেই। ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তর-পূর্বে। এদিকে, ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে লোকজন বাসা-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেকে খোলা স্থানে ও সড়কের মাঝখানে নিরাপদ দূরত্ব বুঝে অবস্থান নিতে থাকেন। এছাড়া বহুতল ভবনে অনেককে ছাদে উঠে অবস্থান করতে দেখা গেছে। অজানা আতঙ্কে অনেকে শিশু সন্তানদের নিয়ে ঘরে ফিরতেও ভয় পাচ্ছেন। এর আগে গত ২৯ মে পরপর চারবার ভূমিকম্প অনুভূত হয়। হেলে পড়ে অনেক ভবন। এর আগে গত ২৯ মে সকাল ১০টা ৩২ মিনিট, ১০টা ৪৭ মিনিট, বেলা সাড়ে ১১টা, ১১টা ৩৭ মিনিট এবং দুপুর ১টা ৫৭ মিনিটে সিলেট অঞ্চলে ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এটির উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেছিলেন, ‘টানা পাঁচবারের মধ্যে ৪ দশমিক ১, ৪, ৩ এবং ২ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। অনেক মৃদু কম্পনের মাত্রা মাপা যায়নি।’ ২৯ মে ভূমিকম্পের পর থেকেই সিলেটজুড়ে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে। অনেক বিশেষজ্ঞের মতে, ভূমিকম্পের ডেঞ্জারজোন হিসেবে পরিচিত সিলেটে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা দেখা দিয়েছে। গত ভূমিকম্পের পর সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের ঝুঁকিপূর্ণ ৭টি বহুতল বিপণিবিতান ১০ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া নগরের বহুতল ভবনগুলো ভূমিকম্প সহনীয় কি না তা জরিপ করার উদ্যোগ নেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১