আপডেট : ১৩ June ২০২১
আশুলিয়ায় একটি বাঁশঝাড় থেকে ওড়না পেঁচানো অজ্ঞাত তরুণী লাশের পরিচয় সনাক্ত ও হত্যাকাণ্ডের সাথে জড়িত মূলহোতা নিহতের সাবেক স্বামী সহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। আজ রবিবার (১৩ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান। এরআগে, শনিবার (১২ জুন) রাতে গাজীপুর জেলার কাশিমপুর থানার মাটি মসজিদ এলাকায় অভিযান চালিয়ে রাসেলের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- মোঃ বাচ্চু মিয়া (২৯), মোঃ জুয়েল (৩০) ও মোঃ রফিক (৫৭)। এদের মধ্যে মোঃ জুয়েল (৩০) নিহতের সাবেক স্বামী বলে জানা গেছে । নিহতের পরিচয় পাওয়া গেছে। সে আশুলিয়ার গোয়াইলবাড়ি কোনাপাড়া এলাকার মজিবর রহমানের মেয়ে লাখি আক্তার (২৯)। এ ব্যাপরে র্যাব-১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান জানান, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের গোয়েন্দা নজরদারীসহ ছায়া তদন্ত শুরু করে র্যাব। তারই ধারাবাহিকতায় ১২ জুন রাতে র্যাব-১ এর একটি বিশেষ আভিযানিক দল কাশিমপুরের মাটি মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার রাসেলের বাড়ি থেকে হত্যাকান্ডের সাথে জড়িত মূলহোতা নিহতের সাবেক স্বামী জুয়েল ও রফিক কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ি অভিযান চালিয়ে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, মূলহোতা জুয়েল নিহত লাখি আক্তারের সাবেক স্বামী। বিগত ৪ বছর পূর্বে লাখির সাথে তার তালাক হয়।তালাকের পরেও লাখির বাসায় গিয়ে তাকে পূনরায় স্ত্রী হিসেবে নিতে চায় সে। তার সাথে পূনরায় বিয়ে দিতে রাজি না হলে সে লাখি আক্তারকে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে গত ২ মে সিঙ্গাপুর প্রবাসীর সাথে লাখি আক্তারের বিয়ে হয়। তার বিয়ের কথা জানতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ২য় স্বামীর সাথে সংসার করতে দিবে না বলে হুমকি দেয়। পরবর্তীতে গত ৮ জুন বাচ্চু মিয়া বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে কৌশলে নিহত লাখি আক্তারকে আশুলিয়ার সুবন্দী এলাকায় জুয়েলের বাড়ির পাশে বাগানের ভিতর নিয়ে যায় এবং পূর্ব পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। প্রসঙ্গত, গত বুধবার (৯ জুন) সকাল ১১টার দিকে আশুলিয়ার সুবন্দি এলাকার একটি বাঁশঝাড়ের ভিতর থেকে গলায় ওড়না পেঁচানো অজ্ঞাত তরুণীর (২৫) লাশ উদ্ধার করে থানা পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১