আপডেট : ১৭ June ২০২১
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় ধাপে আধা-পাকা বাড়ি পাচ্ছেন ভোলার আরও ৩৭১টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। প্রতিটি পরিবারকে কমপক্ষে দুই শতক খাস জমির বন্দোবস্তসহ দুই কক্ষবিশিষ্ট ৩৭১টি সেমি পাকা ঘর তেরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন সংক্রান্ত মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী জানান, প্রথম ধাপে জেলায় ৫২০টি পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের ৩৭১টিসহ জেলায় মোট ৮৯১টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। এসময় আরো জানানো হয়, দ্বিতীয় ধাপে প্রতিটি ঘরের জন্য প্রায় দুই লাখ টাকা ব্যায় ধরা হয়েছে। ৭৪ কোটি ১২ লক্ষ ৯ হাজার ৮০০ টাকা ব্যায়ে জেলার ৭ উপজেলায় ৩৭১টি অসহায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে এসব ঘর বরাদ্দ দেয়া হবে। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ১ কোটি ১১ লক্ষ ৪৯ হাজার ৭৮০ টাকা ব্যায়ে ৫৫ টি, দৌলতখানে ৩৯ লক্ষ ৪৯ হাজার ৫৫০ টাকা ব্যায়ে ২০টি, বোরহানউদ্দিনে ৩১ লক্ষ ৬১ হাজার ৬৪০ টাকা ব্যায়ে ১৬ টি, তজুমদ্দিনে ২ কোটি ৯৮ লক্ষ ৬৬ হাজার ৭০০ টাকা ব্যায়ে ১৫০টি, লালমোহনে ৩৯ লক্ষ ৪৯ হাজার ৫৫০ টাকা ব্যায়ে ২০টি, চরফ্যাশনে ১ কোটি ১৮ লক্ষ ৩৩ হাজার ৬৮০ টাকা ব্যায়ে ৬০টি ও মনপুরা উপজেলায় ১ কোটি ২ লক্ষ ১৮ হাজার ৯০০ টাকা ব্যায়ে ৫০টি পরিবারের মাঝে এসব ঘর বরাদ্দ দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মামুন আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুজিত কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের, সম্পাদক অমিতাভ রায় অপু, দি ডেইলী অবজারভার ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১