আপডেট : ২১ June ২০২১
সাতক্ষীরার তালায় মুরগী মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ীর দরজা ভাংচুর, নগদ টাকা লুটপাট ও আপন দুই ভাই আহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি রবিবার দুপুরে তালা উপজেলার উত্তর নলতা গ্রামে ঘটেছে। আহত দুই যুবক হলেন, মোঃ ইউনুস মোড়ল (৩০) ও মোঃ আব্দুল্লাহ মোড়ল (২২)। বর্তমানে তারা তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় জাকির মোড়ল বাদী হয়ে সোমবার (২১ জুন) সকালে তালা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। আহতের ভাই ও বাদী মোঃ জাকির মোড়ল জানান, পারিবারিক বিষয় নিয়ে প্রতিপক্ষ ফরহাদ গংদের সহিত দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জের হিসাবে রবিবার (২০ জুন) দুপুরে একই গ্রামের মোঃ মকছেদ মোড়লের ছেলে ফরহাদ মোড়ল(২৮) ও আজমীর মোড়ল (২৩) জাকিরদের বাড়ির ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি মারতে শুরু করে। এই হামলায় তার দুই ভাই ইউনুস মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়। তিনি আরো জানান, প্রতিপক্ষ আজমীর মোড়ল তার ভাই ইউনুস মোড়লের বাম চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে চিরত্বরে অন্ধ করা চেষ্টা করে। এছাড়া ঘরের ভিতরে প্রবেশ করে কাঠের বাক্স ভেঙ্গে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে এবং তার মাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন প্রতিপক্ষরা। এসময় সাতক্ষীরা পুলিশ সুপারসহ প্রশাসনের উদ্বর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন জাকির মোড়ল। প্রতিপক্ষ আজমীর মোড়ল হামলার কথা অস্বীকার করে জানান, জাকির তাদের চাচাতো ভাই। একই সাথে বসতঘর যার একটি মাত্র বারান্দা। ঘরের বারান্দায় মুরগী উঠলে তারা সেটি পিটিয়ে মেরে ফেললে হাতাহাতির সৃষ্টি হয়। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জাকির বাদী হয়ে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১