আপডেট : ২৪ June ২০২১
দেশের চা বাগানের শ্রমিক ও শ্রমিক পোষ্যদের বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল থেকে ২০২০-২১ অর্থ বছরে ১৮ লক্ষ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ চা বোর্ড। এবছর শিক্ষা গ্রহণে উৎসাহ প্রদান ও শিক্ষার মানোন্নয়নে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা কল্যাণ অনুদান, ১২৮ জন শ্রমিকের কন্যা বিবাহের জন্য অনুদান এবং বিশেষ কল্যাণ অনুদানের আওতায় ৩৯ জনকে অনুদানের অর্থ বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা বাগানের চা শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক এসব কথা জানান। ড. এ কে এম রফিকুল হক আরও জানান, চা বোর্ডের বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল মো: জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি চা শিল্পের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন। এরই ধারাবাহিকতায় চা শ্রমিকদের কল্যাণে এ বছর বিশাল পরিমাণ অর্থ অনুদান প্রদান করা হলো। ইতোমধ্যে বাগানগুলোতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মাজদিহি চা বাগানের ব্যবস্থাপক জনাব এস. কে. বড়ুয়া বলেন, কল্যাণ অনুদান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও শ্রমিক পোষ্যদের লেখাপড়ায় উৎসাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিলের আওতায় অনুদান প্রদানের নিমিত্ত দেশের সকল চা বাগানের শ্রমিকদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হয়। পরবর্তীতে আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে নির্বাচিতদের অনুদান প্রদান করা হলো। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে পিডিইউ-এর সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, মাজদিহি চা বাগানের সহকারী ব্যবস্থাপকগণ ও পঞ্চায়েত সাধারণ সম্পাদক সত্য নারায়ন ছত্রী এবং অনুদান প্রাপ্ত চা শ্রমিক ও শ্রমিক পোষ্যরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১