বাংলাদেশের খবর

আপডেট : ০৩ July ২০২১

চাঁদপুর জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ে টিকাপ্রত্যাশীদের ভোগান্তি


বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার প্রাপ্তি ও বয়স বিবেচনা করে টিকার জন্য সুরক্ষা অ্যাপে (চালু হওয়া সাপেক্ষে) রেজিস্ট্রেশনের জন্য চাঁদপুর জনশক্তি কর্মসংস্থান অফিসে টিকাপ্রত্যাশীরা ভিড় জমিয়েছেন। তবে অনলাইন রেজিস্ট্রেশন সার্ভার ও বিকাশে টাকা দিতে না পারায় দুর্ভোগে পড়েছেন শত শত বিদেশগামী টিকাপ্রত্যাশীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ের সামনে সহস্রাধিক প্রবাসীকে করোনা ভ্যাকসিন (টিকা) নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়। অনেকে টিকা রেজিস্ট্রেশন ও বিকাশে টাকা জমা না দিতে পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন।

কচুয়া উপজেলা থেকে আসা রবিউল বলেন, সকাল ৯টায় জনশক্তি অফিসে এসেছি। লকডাউনের মধ্যে অনেক কষ্ট করে এখানে আসতে হয়েছে। এসেও যদি কাজ হতো, তাহলে মনকে বোঝাতে পারতাম। সকাল থেকে সার্ভার সমস্যা ও বিকাশেও ২০০ টাকা ঢুকছে না। আর কতক্ষণ অপেক্ষা করবো, কয়েকবার চেষ্টা করেও কাজ হচ্ছে না।

হাজীগঞ্জের বলাখাল থেকে আসা নূর হোসেন বলেন, আমার সঙ্গে আসা দুজন চলে গেছে। আমিও ভাবছি চলে যাবো। প্রবাসীদের সবকাজে সব সময় হয়রানি থেকেই যায়। এই লকডাউনের মধ্যে দূর-দূরান্ত থেকে মানুষ এখানে এসেছে টিকার রেজিস্ট্রেশন করতে। কিন্তু অনলাইন সমস্যার কারণে কোনো কাজই হচ্ছে না।

জনশক্তি রপ্তানি কার্যালয়ের সামনে প্রবাসীদের বিক্ষোভের কথা শুনে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী, বিজিবি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও সদর থানার ওসি আবদুর রশিদ। তারা বিক্ষুব্ধ প্রবাসীদের বোঝাতে চেষ্টা করেন, ‘আপনারা শান্ত হোন, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। দ্রুত সার্ভার সমস্যার সমাধান হবে।’

জেলা জনশক্তি জরিপ কর্মকর্তা মো. মোহছেন পাটওয়ারী বলে, সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে গমন নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। বিএমইটির স্মার্ট কার্ড আছে সেসব কর্মীর টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট দিয়ে ২ জুলাই থেকে বিএমইটির ডাটাবেজে নিবন্ধন করতে হবে। তারা যদি এই ভ্যাকসিন না দিয়ে বিদেশে গমন করে, তাহলে তাদের ৭০-৮০ হাজার টাকা খরচ হবে। প্রবাসীদের সুবিধার্থে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সকাল থেকে সারাদেশে সার্ভার সমস্যা রয়েছে। বিকাশে রেজিস্ট্রেশনের ২০০ টাকা যাচ্ছে না। সময়ের ব্যাপার, কখন ঠিক হয় বলা যাচ্ছে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১