আপডেট : ০৯ July ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ধাতুরপহেলা-কর্ণেলবাজার সড়কের ধাতুরপহেলা অংশে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিত বাড়িঘর তৈরী ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থা তৈরী হয়েছে। সেইসাথে সড়কে সৃষ্টি হচ্ছে ছোটবড় গর্ত। একদিকে সড়কে গর্ত, অন্যদিকে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হওয়ায় পথচারীদের চলাচলে দুর্ভোগের যেন শেষ নেই। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার এই ধাতুরপহেলা-কর্ণেলবাজার সড়কটি খুবই ব্যস্ততম একটি সড়ক। এই সড়ক দিয়ে অন্তত ২০টি গ্রামের লোকজন প্রতিনিয়ত চলাচল করছে। নিত্যদিন চলছে সিএনজি, ব্যাটারি চালিত অটো রিকশা, রিকশা, ট্রাক্টরসহ ছোটবড় অসংখ্য যানবাহন। এই সড়কের ধাতুরপহেলা অংশে সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পথচারী ও যাত্রীসাধারণ যানবাহনে অতি কষ্টে চলাচল করছেন। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দিন দিন জনদুর্ভোগ বাড়ছে। বিশেষ করে এখানে রয়েছে একটি গ্রামীণ বাজার। এই বাজারে প্রতিদিন সকাল বিকাল ভালো লোকের সমাগম হয়। প্রয়োজনের তাগিদে কেনা কাটাসহ যাতায়ত করতে গিয়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় লোকজন দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানান। পথচারী মো. আফজাল হোসেন বলেন এই সড়কটি দীর্ঘদিন ধরে ধাতুরপহেলা অংশে খুবই খারাপ অবস্থা হয়ে আছে। সামান্য বৃষ্টি হলে সড়কে হাঁটু পানি হয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধি সংশ্লিষ্ট প্রশাসন দেখে ও যেন দেখছেন না। মো: ইকবাল হোসেন বলেন, সামান্য বৃষ্টি হলে পানি জমে চলাচল করতে খুবই কষ্ট হয়। জলাবদ্ধতা নিরসনে কেউ উদ্যোগ নিচ্ছে না। ইজিবাইক চালক রুবেল মিয়া জানান, সড়কে পানি জমে থাকার কারণে গাড়ি চালাতে আমাদের খুবই সমস্যা হয়। প্রায়ই পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায়। সড়কে মানুষ চলাচল করতে পারছে না। আকবর হোসেন জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসংখ্য লোকজন চলাচল করছে এই সড়ক দিয়ে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটু পানি জমে জনদুর্ভোগ বাড়ছে। স্থানীয় বাসিন্দা মো. বাবলু মিয়া জানান, এ সড়ক নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল আওয়াল সরকার বলেন, বাড়িঘর তৈরী করতে সড়কের দুই পাশে মাটি ফেলে উচু করায় সামান্য বৃষ্টি হলে এখানে পানি জমে থাকে। স্থায়ী ভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে জরুরী ভিত্তিতে উপজেলা প্রকৌশলীর বরাবরে লিখিত আবেদন করা হয়েছে। আশা করছি দ্রুত এ কাজ করা হবে। আখাউড়া উপজেলা উপ-সহকরী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন ধাতুরপহেলার একটি অংশে বৃষ্টি হলে সড়কে পানি জমে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে। এ বিষয়টি আমাদের নজরে এসেছে। জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পয়: নিষ্কাশনের ব্যবস্থা করে এ সমস্যা সমাধান করা হবে বলে জানায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১