বাংলাদেশের খবর

আপডেট : ০৯ July ২০২১

পটুয়াখালীর ফার্মেসিতে নাপা সংকট


করোনার প্রকোপ বৃদ্ধির সাথে সাথে পটুয়াখালীর ফার্মেসীগুলোতে নাপা এক্সটেন্ড ও নাপা সিরাপ এর চরম সংকট দেখা দিয়েছে।  এ সংকট পটুয়াখালী জেলা শহরের ফার্মেসিসহ উপজেলা সদর এবং প্রত্যন্ত গ্রামপর্যায়ে রয়েছে।

পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নের চারঘাট এলাকার আবির মেডিকেল হলের স্বত্বাধিকারী ইব্রাহিম হাওলাদার জানান,  দুই সপ্তাহ যাবত নাপা এক্সটেন্ড ও সিরাপ এর অর্ডার দিয়েও পাচ্ছেন না। সাধারণ মানুষ দোকানে এসে নাপা এক্সটেন্ড ও সিরাপটা বেশি চান।

পটুয়াখালী শহরের মমতা মেডিকেল হলের মো. ফোরকান জানান, নাপা এক্সটেন্ড  ও সিরাপের চাহিদা অনুযায়ী তারা কোম্পানি থেকে সরবরাহ পাচ্ছেন না। ডাক্তার সাহেবরা প্রেসক্রিপশনে নাপা এক্সটেন্ড লিখে দেন, এ নিয়ে রোগীদের সাথে ঝামেলা তৈরি হয়। বাজারে একাধিক কোম্পানির নাপা এক্সটেন্ড এর বিকল্প ওষুধ রয়েছে এগুলি আমরা এখন ক্রেতাদের বুঝিয়ে বিক্রি করছি। এছাড়া নাপা এক্সটেন্ড এর স্বল্পতার কারণে ডাক্তার সাহেবরাও এখন অন্য কোম্পানির বিকল্প ওষুধ লিখছেন।

এ বিষয়ে বাংলাদেশ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পটুয়াখালী জেলা শাখার সভাপতি  ইশতিয়াক আহমেদ রাহাত ও সাধারণ সম্পাদক গাজী শহীদুল ইসলাম শাহীন জানান, গত একমাস যাবত  বাজারে নাপা এক্সটেন্ড ও নাপা  সিরাপের স্বল্পতা রয়েছে ,কোম্পানি থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এমনিতেই সাধারণ মানুষ নাপা এক্সটেন্ড ও সিরাপ কিনতে চান তার পাশাপাশি ডাক্তার সাহেবরা প্রেসক্রিপশনে লেখায় চাহিদা বেশি রয়েছে।  

এ বিষয়ে নাপা এক্সটেন্ড এর প্রস্তুত কোম্পানি বেক্সিমকোর এরিয়া ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম জানান, নাপা এক্সটেন্ড ও নাপা সিরাপ এর বাজারের চাহিদা খুব বেশি। এক মাস পর্যন্ত সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে , শীঘ্রই এ সমস্যার সমাধান হয়ে গেলে এ সংকট থাকবে না।

পটুয়াখালীর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত উপজেলা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার জানান করোনার প্রকোপ বৃদ্ধির কারণে বাজারে নাপা এক্সটেন্ড ও নাপা সিরাপের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছুটা সংকট সৃষ্টি হতে পারে।বাজারে নামিদামি বিভিন্ন ওষুধ কোম্পানির প্যারাসিটামল ট্যাবলেট এর বিকল্প ওষুধ রয়েছে আমরা রোগীদের বিকল্প ওষুধ লিখছি। 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মনিরুল ইসলাম জানান, বাজারে নাপা এক্সটেন্ড ও নাপা সিরাপ এর কিছুটা স্বল্পতা রয়েছে। বাজারে বিভিন্ন নামিদামি কোম্পানির প্যারাসিটামল গ্রুপের একাধিক ওষুধ রয়েছে আমরা রোগীদেরকে শুধুমাত্র নাপা এক্সটেন্ড ও নাপা সিরাপের উপর নির্ভর না হওয়ার জন্য বলছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১