আপডেট : ১০ July ২০২১
গোপালগঞ্জে রোগীকে দেখতে দেরি হওয়ায় দুই ইন্টার্ন চিকিৎসকে পিটিয়ে আহত করেছে রোগীর স্বজনরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে আসামী গ্রেপ্তার হওয়ায় রাতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি ৪৮ ঘন্টার জন্য স্থগিত করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। শুক্রবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হসাপাতালের শেখ হাসিনা চত্ত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত দুই চিকিৎসক হলেন- গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হসাপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা: তাহমিদ আঞ্জুম আবীর (২৬) ও তার সহকর্মী ডা: আলমগীর হোসাইন (২৬)। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা: হুমায়ূন কবীর জানান, গত ৭ জুলাই সদর উপজেলার বাজুনিয়া গ্রামের একটি মারামারি ঘটনায় আমিনুল ইসলাম বুলবুল হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (০৯ জুলাই) দুপুরে ওই রোগীর স্বজনরা তাকে দেখতে যাবার জন্য আহত চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীরকে ডাকেন। কিন্তু আসতে দেরী হলে তার সাথে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীর তার সহকর্মী অপর চিকিৎসক ডা: আলমগীর হোসাইনকে সাথে নিয়ে রাতের খাবার খেতে হাসপাতালের শেখ হাসিনা চত্ত্বর এলাকায় আসলে আমিনুল ও তার লোকজন তাদের উপর হামলা চালিয়ে বেদম মারধর করে। এসময় তাদের চিৎকারে সহকর্মীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদেরকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে অর্নিদৃষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ। পরে এ ঘটনায় ইন্টার্নী চিকিৎসক পরিষদের সভাপতি নূর মোহম্মদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী আমিনুল ইসলাম বুলবুলকে গ্রেপ্তার করে। ইন্টার্নী চিকিৎসক পরিষদের সভাপতি নূর মোহম্মদ জানান, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে একজন আসামীকে গ্রেপ্তার করায় ও রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে ৪৮ ঘন্টার জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে এরমধ্যে বাকি আসামীদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে আবারও কর্মবিরতিতে যাবো আমরা। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, চিকিৎসকদের উপর হামলার ঘটনায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি নূর আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১