বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০২১

নিয়োগ দাবিতে অনশনে মেডিকেল টেকনোলজিস্টরা


মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের মৌখিক পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ  ও অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশীরা।

আজ শনিবার (১৭ জুলাই) সকাল ১১টায় রাজধানীর মহাখালিতে স্বাস্থ্য অধিদপ্তরের ভবনের সিড়িতে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা। এ সময় ফলাফল প্রকাশ না করা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

চাকরিপ্রার্থীরা গণমাধ্যমকে জানান, গত বছরের জুনে স্বাস্থ্য অধিদপ্তর ১২শ’ মেডিকেল টেকনোলজিস্ট ও ১৮শ’ টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। ডিসেম্বর মাসে এই দুটি পদে প্রায় ৭৪ হাজার চাকরি প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে টেকনোলজিস্টদের ১২শ’ পদের বিপরীতে ২৩ হাজার ৫২২ জন এবং টেকনিশিয়িানদের ১৮শ’ পদের বিপরীতে প্রায় ৫০ হাজার চাকরি প্রার্থী অংশ নেয়।

এরপরে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মেডিকেল টেকনোলজিস্টদের ও ১০ মার্চ টেকনিশিয়ানদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ছয় মাস চলে গেলেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি। ফলে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা।

তাদের অভিযোগ, চিকিৎসক ও নার্স নিয়োগের বিষযটি গুরুত্ব পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের বিষয়টি সবসময় উপেক্ষিত হয়ে আসছে।

চাকরিপ্রার্থীরা আরও জানান, করোনায় আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন সেবায় মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান সংকট প্রকট। অথচ আগের পরীক্ষার ফলাফল প্রকাশ না করেই নতুন করে ১১ হাজার নিয়োগের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন চাকরিপ্রার্থীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১