আপডেট : ২৪ July ২০২১
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ জুলাই) সকালে নয়াগাঁও তুলাগাছতলা এলাকার ৩নং গলির আব্দুর রহিমের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। মৃতরা হলেন ফুলবাসি চন্দ্র দাস এবং তার মেয়ে সুমি চন্দ্র দাস। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা না গেলেও পুলিশ জানিয়েছে মৃতদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফুলবাসির স্বামী মুকুন্দ চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ। কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবেশীদের খবরে আমরা বিষয়টি জানতে পারি। পুলিশ গিয়ে মা ও মেয়ের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখতে পায়। আমরা ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা মুকুন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজন প্রতিবেশী জানান, ভোরে বড় মেয়ে ঝুমা ঘুম থেকে উঠে মা এবং বোনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা ঘরে এসে মা-মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে নিয়ে আসে। রাতের কোনো একসময় তাদের শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১