বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০২১

অ্যাস্ট্রাজেনেকার টিকা দ্বিতীয় ডোজ দেওয়া শুরু আজ


অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়ে যারা অপেক্ষায় আছেন তাদের আজ রোববার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।

জাপান থেকে গতকাল শনিবার বিকেলে উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা আসার পর এ সিদ্ধান্তের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে ২৪ জুলাই আড়াই লাখ ডোজ আসে দেশটি থেকে। টিকার চালান গ্রহণে বিমানবন্দরে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী একে এম আব্দুল মোমেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জাপান থেকে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় ১০ লাখ টিকা হাতে এসেছে। এই টিকা থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে কাল বা পরশু থেকে।

দেশে টিকার কোনো সংকট নেই জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও গাইডলাইনে টিকা বিষয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এ পর্যন্ত টিকার মজুত আছে ২ কোটি ৪০ লাখ। টিকা প্রদান করা হয়েছে ১ কোটি ৩০ লাখ। বর্তমানে সরকারের হাতে আছে ১ কোটি ২১ লাখ।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন থেকে আরো ৩৪ লাখ টাকা আগামী সপ্তাহে দেশে আসবে। এই মাসেই অ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আসবে। আগামী মাসে ফাইজার থেকে ৬০ লাখ টিকা আসবে।

টিকাদান প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি সহজ করা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, বয়স্করা যদি শুধু জাতীয় পরিচয়পত্র নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাদের টিকা দেয়া হবে। যদি কারো কোনো আইডি কার্ডও না থাকে তবে বিশেষ ব্যবস্থায় তাদের টিকা দেয়া হবে। করোনা ভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন৷ তারাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফরম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। টিকাগুলো ইপিআইয়ের কেন্দ্রীয় স্টোরের ওয়াক ইন কুলার রুমে সংরক্ষণ করা হবে।  এই টিকার ৩ কোটি ৪০ লাখ ডোজ ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কিনেছিল বাংলাদেশ। দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি। পরে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা দিতে পারেনি।

সরবরাহ সংকটে যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেয়া যায়নি। জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা আসায় সেই সংকটের অনেকটা সমাধান হতে যাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১