আপডেট : ০১ August ২০২১
ভোলায় করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীসহ দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে হাসপাতালের আইসিইউ ও আইসোলেশন ইউনিটে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে সদর উপজেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা সদর হাসপাতালের ব্রাদার মোঃ মতিউর রহমান (৪৫) আইসিইউতে ও অপরজন বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকার রহিমা বেগম (৭০) আইসোলেশন ইউনিটে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ সিরাজ উদ্দিন এতথ্য নিশ্চিত করেন। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ২২৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৮.৩২ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ৬৩ জন ভোলা সদর, ১৫ জন দৌলতখান, ১ জন বোরহানউদ্দিন, লালমোহন ২ জন, ২ জন চরফ্যাশন, ১ জন তজুমুদ্দিন ও ৩ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯০২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন আরো ২০ জন ভর্তি সহ বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছে। রবিবার ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন। ভোলায় করোনা আক্রান্ত ৩ হাজার ৯০২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৪৪ জন। ভোলা থেকে এ পর্যন্ত ১৯ হাজার ৪৭৬ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১