বাংলাদেশের খবর

আপডেট : ১৬ August ২০২১

নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা


দেশের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ৬ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এছাড়া পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। গতকাল রোববার দুপুরে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের প্রধান সব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকার অঞ্চলগুলোর বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

এতে আরো বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এ সময়ে রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় পদ্মানদী গোয়ালন্দ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

পাউবো জানিয়েছে তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯টি স্টেশনের মধ্যে গত শনিবার পানির সমতল বেড়েছে ৭৮টি স্টেশনে। কমেছে ২৭টি স্টেশনের পানির সমতল। অপরিবর্তিত আছে ৩টি স্টেশনের পানির সমতল। একটিতে এখনো তথ্য সংগ্রহ শুরু হয়নি। আর বিপৎসীমার ওপর দিয়ে দুটি স্টেশনের পানি প্রবাহিত হচ্ছে। উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। পদ্মা ও সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নীলফামারীতে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সকাল থেকে নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ডিমলা ডালিয়া পানি উন্নয়ন রোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার (৫২.৭৫) নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২.৬০ সেন্টিমিটার। আবার বিকাল ৩টায় ওই পানি বেড়ে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর গেজ পাঠক (পানি পরিমাপক) মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, গত শুক্রবার থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট (জলকপাট) খুলে রাখা হয়েছে। আশাকরি দ্রুত এই পানি নেমে যাবে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় জানান, জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্যাকবলিত পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে জেলা প্রশাসনের নজরে দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।  সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি আগামী তিনদিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১