আপডেট : ২৩ August ২০২১
নরসিংদীতে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে সদর থানার শালিধা নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার বিকাল ৪টায় নরসিংদী পুলিশ সুপারের কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর। গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী সদর থানার করিমপুর গ্রামের হাবিবুল্লাহ সরকারের ছেলে আল রাব্বি (২৫), মনোহরদী থানার কুইচার চর এলাকার মিলন মিয়ার ছেলে তাপস মিয়া (২১), চঙ্গভাঙ্গা এলাকার সোনা মিয়ার ছেলে সোলমান (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বড়াইল এলাকার মৃত মেঘা মিয়ার ছেলে শহিদ মিয়া (৪০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পুলতাকান্দা এলাকার মজিবুর রহমানের ছেলে হিসামুর রহমান (২৬)। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, শালিধা নতুন বাসস্ট্যান্ডে কয়েকজন চোর চোরাই ২টি মোটর সাইকেল বিক্রির জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান পরিচালনা করলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৬ জন ০২টি মোটর সাইকেল নিয়ে পালানোর সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় তারা নরসিংদী জেলা থেকে মোটর সাইকেল চুরি করে চোরাই মোটর সাইকেল কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিলো। তাদের তথ্য মতে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর স্বপ্নপুরি কফি হাউজের সামনে থেকে চোর চক্রের সদস্য হিসামুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এছাড়াও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কমলপুর থানা সংলগ্ন নোহা সিএনজি ফিলিং স্টেশনের সামনে ডিবির উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্য মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। ওই মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা নিয়মিত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতেছি। ইতোমধ্যে আমরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করেছি। এরই ধারাবাহিকতায় চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নরসিংদী জেলার থানাসহ অন্যান্য থানাতে একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১