বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০২১

দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য বাংলাদেশের


দারুণ এক জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে আজ কিউইদের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহর দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে বিটিভি, গাজী টিভি ও টি-স্পোটর্স।

দারুণভাবে সিরিজের প্রথম ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন ৬০ রানে অলআউট করে দেয় টাইগাররা। ব্যাটিংয়ের শুরুতে চাপে পড়লেও ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। অবশ্য হোম কন্ডিশন বিবেচনায় এমনটা প্রত্যাশিত ছিল।

মিরপুরের স্লো ও নিচু উইকেট বাংলাদেশের স্পিনার এবং পেসার মোস্তাফিজুর রহমানের জন্য যথার্থ।  এখানে কাটার এবং স্লোয়ার খুব কার্যকরী এবং প্রথম ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। গত মাসে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারনোর পরিকল্পনা অনুসরণ করেছে টিম টাইগার।

এদিকে আর মাত্র ৪ উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন সাকিব। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেটকে টপকে যাবেন তিনি। ৪ উইকেট শিকারে পাশাপাশি বিশ্ব ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ১২ হাজার রানের পাশাপাশি ৬শ উইকেট শিকারের মালিক হবেন সাকিব।

তবে কঠিন বাস্তবতার পরও ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করবে নিউজিল্যান্ড। কিন্তু অনভিজ্ঞ দল এবং এখানকার কন্ডিশন ও বাংলাদেশের বর্তমান পারফরমেন্সের কারনে কিউইদের  জন্য তা বেশ কঠিনই হবে। তবে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ভালো পারফরমেন্স করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের অধিনায়ক টম লাথাম। তিনি বলেন, ‘আমাদের শুরুটা হতাশাজনক। আমরা জানতাম, এটি কঠিন হতে চলেছে। কিন্তু  প্রয়োজনীয় মুহূর্তে আমরা উইকেট হারিয়েছি। এই কন্ডিশনে আমাদের যেকোন একটি উপায় খুঁজে বের করতে হবে এবং একটি ভালো স্কোর করার চেষ্টা করতে হবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১