আপডেট : ০৫ September ২০২১
বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফরমে সন্দেহজনক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্টতার লক্ষণ দেখা দেওয়ায় কিছু গ্রাহকের তথ্য একাধিক নিয়ন্ত্রণ সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ। সেইসঙ্গে ওইসব গ্রাহকের অ্যাকাউন্টগুলোর লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল শনিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি নিয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে আনুষ্ঠানিক অভিযোগ করেছে নগদ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরপরই যত দ্রুত সম্ভব অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হবে বলে ‘নগদ’ থেকে জানানো হয়েছে। নগদ জানিয়েছে, গত কয়েকদিনে কিছু সংখ্যক নগদ গ্রাহকের হিসাব থেকে হঠাৎ করে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে অস্বাভাবিক লেনদেন দেখা যাচ্ছিল। অধিকতর পর্যালোচনা ও লেনদেনের ধরন পরীক্ষা করে কিছু হিসাব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অ্যাকাউন্টগুলোর তালিকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে হস্তান্তর করেছে নগদ। এ প্রসঙ্গে ‘নগদ’-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স কাওসার সওকত আলী বলেন, নগদ’-এর প্ল্যাটফরমে কোনো ধরনের দুরভিসন্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা দুরূহ। এ ছাড়া লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফরমে তুলে আনার ফলে অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ অধিকতর সহজ হয়, এ ঘটনা তারই প্রমাণ। ২০১৯ সালের ২৬ মার্চ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর কার্যক্রম শুরু হয়। এরপর থেকে গত আড়াই বছরে নগদের গ্রাহকসংখ্যা ৫ কোটি ৪০ লাখ। একই সঙ্গে দৈনিক লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১