আপডেট : ০৮ September ২০২১
সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে পাঁচ বিঘা জমিতে পুদিনা চাষ করেছিলেন মদিনাপাড়া গ্রামের সামসুদ্দিন মিয়া। পাঁচ হাজার কেজি পুদিনাপাতা হয়েছিল জমিতে; যার বর্তমান বাজার মূল্য ছিল দশ লাখ টাকা। কিন্তু মাত্র একঘণ্টার ব্যবধানে গত সোমবার দিবাগত রাতে দশ লাখ টাকার পুদিনাপাতা ডুবে গেলো বন্যার পানিতে। গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পুদিনাপাতার জমিতে পানি উঠেছে হাঁটু পর্যন্ত। পানির নিচ থেকে পুদিনা পাতা উঠাতে ব্যস্ত অনেকে। জমিতে কাজ করা মহিলা শ্রমিক বলেন, পানি বৃদ্ধি পাচ্ছে পানি। নিচু জমিগুলো অল্পতেই ডুবে যাচ্ছে। আমরা রাত থেকেই পানির নিচ থেকে পুদিনাপাতা উঠাইতেছি। স্থানীয় পুদিনাচাষি নূর মোহাম্মদ জানান, এলাকাতে শুধু সামসু নামের একজন পুদিনা পাতা বুনেছেন পাঁচ বিঘা। এছাড়া এই এলাকাতে অনেক পুদিনাচাষি আছেন যারা এই মুহূর্তে বিপদে আছেন। জানা যায়, গত কয়েকদিন ধরে মুন্সীগঞ্জে পদ্মানদীসহ ছোট নদীগুলোর পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। অনেক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কল্যাণ কুমার সরকার জানান, মুন্সীগঞ্জের শুধুমাত্র সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৭ হেক্টরের অধিক জমিতে পুদিনাপাতার চাষ হয়। যেহেতু এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে সেহেতু সেখানে আমাদের কিছুই করার নেই। তাছাড়া আকস্মিক পানি বৃদ্ধি পেয়ে জমি তলিয়ে গেলে কৃষকেরও কিছু করার থাকে না। তিনি বলেন, পুদিনাপাতা একটি উচ্চ মূল্যের ফসল সেহেতু এগুলো উঁচু জমিতে চাষ করাই ভালো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১