বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০২১

ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ফাঁদে আটকে কৃষকের মৃত্যু 


শেরপুর জেলার ঝিনাইগাতীতে ধানক্ষেতে ইঁদুর মারতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যু্ৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৩৫) নামের এক কৃষকের মৃত্যেু হয়েছে।

গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দুপুরিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কৃষক রেজাউল ওই গ্রামের আলহাজ্ব মোজ্জাম্মেল হকের ছেলে।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার বিকাল ৫ ঘটিকার দিকে রেজাউল করিম নিজ ধানক্ষেতে ইঁদুর মারতে বিষটুপ প্রয়োগ করতে যান। পার্শ্ববর্তী শফিউল্লাহর ধান ক্ষেতে খোলা তার (গোনা) দিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখার বিষয়টি তিনি জানতেন না। রেজাউল নিজের জমিতে ইঁদুর মারার জন্য বিষটুপ প্রয়োগ করে বাড়িতে ফিরে আসার পথে উক্ত বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। খবর পেয়ে রেজাউলের পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রেজাউলকে মৃত বলে ঘোষণা করেন। 

ঝিনাইগাতী থানার এসআই হাবিবুর রহমান নিহত রেজাউলের লাশের সুরত হাল তৈরি করে ময়নাতদন্তের জন্যে শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন বলে জানা গেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান ধান ক্ষেতের ইঁদুর মারতে তৈরি গোনা (তার) দিয়ে তৈরি ইঁদুর মারার ফাঁদে আটকে কৃষক রেজাউলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১