বাংলাদেশের খবর

আপডেট : ১৬ September ২০২১

দেশে করোনায় আরো ৫১ মৃত্যু


প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫১ জনের। এনিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬২ জন। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে।নমুনা পরীক্ষার আনুপাতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ।২৪ ঘন্টায় ৩১ হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবারও মৃত্যু হয়েছে ৫১ জনের। শনাক্ত হয়েছে ১ হাজার ৯০১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে নারী ২৫ জন এবং পুরুষ ২৬ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ২৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৮ জন মারা গেছেন। রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ৩, রংপুরে ১ জন মারা গেছেন।

এদিকে, বিশ্বে আবারও একদিনের ব্যবধানে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ১০ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় শুরু থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৭২ হাজার ৩৭৮ জনের।

বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৬২ হাজার ৪৮৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৭২ লাখ ২১ হাজার ৭৩৬ জন।

করোনায় আক্রান্ত ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫০৯ জন। মৃত্যু হয়েছে ২২৮২ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৮০ জন।

করোনায় শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৩৬১ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৪৩২ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১