আপডেট : ২২ September ২০২১
বাসায় গিয়ে করোনার টিকা না দেওয়ায় মো. আমির হোসেন (৩৬) নামের এক মেডিকেল টেকনোলজিস্টকে (এমটিইপিআই) চেয়ার দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে একই কার্যালয়ের স্টোরকিপারের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত মো. আমির হোসেন সদর উপজেলার বিনোদপুর বালিয়াকান্দি গ্রামের মৃত নুরমোহাম্মদ মাদবরের ছেলে। অভিযুক্ত স্টোরকিপারের নাম সিয়াম জাহান কালু। তিনি একই উপজেলার চিতলীয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মোদাচ্ছের মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আমির হোসেনের অফিস কক্ষে যায় স্টোরকিপার সিয়াম জাহান কালু। সেখানে গিয়ে এক আত্মীয়ের জন্য করোনা টিকা বাসায় নিতে চায়। অফিসের বাইরে টিকা দিতে অস্বীকার করলে আমির হোসেনকে চেয়ার দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন সিয়াম জাহান কালু । আহত আমির হোসেনকে সহকর্মীরা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত স্টোরকিপার সিয়াম জাহান কালুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’ পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, হাসপাতালে আমিরকে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১