বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২১

আজ সারা দেশে গণটিকা কর্মসূচি


প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ সারা দেশে ৭৫ লাখ ডোজ টিকা প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ এই গণটিকা কার্যক্রমে পঞ্চাশোর্ধ্ব বয়োজ্যেষ্ঠ, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং যারা নিবন্ধন করেও টিকা পাননি তারা অগ্রাধিকার পাবেন।

এদিকে গত রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন মোট ৮০ লাখ টিকা প্রদান করার কথা। তবে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ৭৫ লাখ ডোজ টিকা দেওয়ার কথা জানান। এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী নিবন্ধন ছাড়াও কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকাদান কেন্দ্রে গেলে টিকা পাওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন টিকা নিতে যাওয়ার সময় তাদের জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড সঙ্গে নিতে হবে। অর্থাৎ নিবন্ধন ছাড়া গ্রহণ সম্ভবপর হবে না। একই তথ্য জানিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারাও।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অনেকে বয়স্ক রয়েছেন, হার্ড টু রিচ এলাকায়-যারা সবসময় টিকাদান কেন্দ্রে আসতে পারেন না, তাদেরকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরো জানান, যারা নিবন্ধন করে খুদে বার্তা পাননি, তারা এই কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। এই কার্যক্রমে শুধু প্রথম ডোজের টিকার দেওয়া হবে। কার্যক্রমে অধিকাংশ টিকা দেওয়া হবে সিনোফার্মের।

তবে গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী মায়েরা এই কার্যক্রমে টিকা পাবেন না। গত রোববার ভার্চুয়াল প্ল্যাটফরমে টিকাদান কর্মসূচি সম্পর্কে এসব তথ্য জানান, স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে একযোগে ৪ হাজার ৬০০টি ইউনিয়ন, ১ হাজার ৫৪ টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চলবে। আজ সকাল থেকে শুরু হয়ে টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত একাধিক শিফটে এই কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে। এছাড়া, নিয়মিত কর্মসূচিতে প্রতিদিন ছয় লাখ ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান থাকবে।

এদিকে, বিশেষ এই টিকাদান কর্মসূচিকে ঘিরে ঢাকার দুই সিটি করপোরেশন   মোট ১ লাখ ১২ হাজার ৫০০ ডোজ টিকা প্রদানের টার্গেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি ৬০ হাজার এবং ঢাকা দক্ষিণ সিটি ৫২ হাজার ৫০০  ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান জানান, উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে ১ হাজার করে টিকা দেওয়া ছাড়াও উত্তর সিটির আওতাধীন তিনটি বস্তিতে আরো এক হাজার করে টিকা দেওয়া হবে। এছাড়া, অতিরিক্ত আরো তিন হাজার টিকা প্রস্তুত রয়েছে যা প্রয়োজনে দেওয়া হবে। তিনি জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা টিকা ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবেন।

ডিএনসিসির কর্মকর্তারা জানান, গণটিকা কার্যক্রম হলেও এবার শুধু নিবন্ধনকারীরাই টিকা গ্রহণের সুযোগ পাবেন। আগের গণটিকা কার্যক্রমগুলোর মতো এবার শুধু জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনলেই টিকা দেওয়া হবে না।

ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫ ওয়ার্ডের ৭৫ কেন্দ্রে গণটিকা প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে ৩৫০ জনকে টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, আগামী ২৮ অক্টোবর টিকার ২য় ডোজ প্রদান করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বর্তমানে সরকারের হাতে মজুত রয়েছে দেড় কোটি ডোজ টিকা। এছাড়া, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োএনটেকের আরো ২৫ লাখ ডোজ টিকা রোববার দিবাগত রাতে পৌঁছনোর কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা এসে পৌঁছেনি। গতকাল (সোমবার) দিবাগত রাতে ওই টিকা পৌঁছতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা জানান, ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে টিকাবাহী ন্যাশনাল এয়ারলাইনস কার্গো উড়োজাহাজে এসব টিকা পৌঁছনোর কথা রয়েছে।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। এই ২৫ লাখ ডোজ টিকা পাওয়া গেলে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা পাবে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান,  কোভ্যাক্স সুবিধার আওতায় এবং নগদ অর্থে কেনা এ পর্যন্ত মোট ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে প্রথম ডোজ ও ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে।

এ ছাড়া, চুক্তি অনুযায়ী চলতি মাস থেকেই প্রতি মাসে ২ কোটি ডোজ করে চীনের সিনোফার্মের মোট ৬ কোটি ডোজ টিকা দেশে আসার প্রক্রিয়া চালু আছে। সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আরো সাড়ে ১০ কোটিসহ মোট ২৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১