বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০২১

যতই উন্নয়নের চেষ্টা করছি, একটি মহল পেছনে নিয়ে যাচ্ছে


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ রোববার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের চতুর্থ বৃহত্তম পায়রা সেতু উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নের যতই চেষ্টা করি, একটি মহল সবসময় দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।

দেশের ভাবমূর্তি নষ্ট করলে একটি গোষ্ঠীর কদর বাড়ে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা আসলে চায় না বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে বাঁচুক। এ কারণে স্বাধীনতার এত বছর পরও দেশের বিভিন্ন অঞ্চল অবহেলিত রয়ে গেছে, পিছিয়ে আছে। কিন্তু ৯৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেশের প্রতিটি অঞ্চলকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম চালিয়েছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা দেশকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই চায় না দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াক। কিন্তু আজ বাংলাদেশের নাম শুনলে সবাই সম্মান করে। বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদার জায়গা তৈরি হয়েছে।

সরকারপ্রধান বলেন, আজকে যদি পায়রা সেতুতে আমি নিজে উপস্থিত থাকতাম, সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারতাম বা হাঁটতে পারতাম, তাহলে ভালো লাগতো। কিন্তু করোনার কারণে তা হলো না। তবে আমার ইচ্ছা আছে, পরিস্থিতি বুঝে একদিন পায়রা সেতুর ওপর দিয়ে আমি গাড়ি নিয়ে যাব। কাছ থেকে দেখব সেতুটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১