বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০২১

সড়কের মাঝে বিদুত্যের খুঁটি


কালীগঞ্জের তুমলিয়া ক্রেডিট ইউনিয়নের সামনে থেকে বতুল বাজার পর্যন্ত সড়কের সংস্কার কাজ শেষ করা হয়েছে। অথচ বেশ কিছু পল্লী বিদ্যুতের খুঁটি রেখে সড়কের মাঝেই রেখে দেওয়া হয়েছে। ফলে স্থানীয়রা এই সড়কে দুর্ঘটনার আশঙ্কা করছেন।

জানা গেছে, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় আট কোটি টাকা ব্যয়ে বন্যা রক্ষা বাঁধের ওপর নির্মিত এ সড়কটির সংস্কার ও বর্ধিতকরণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কের প্রস্ত বাড়িয়ে ১৮ ফিট করা হয়। ২০২০ সালের ২০ জুলাই স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি সড়ক সংস্কার ও বর্ধিত করণ কাজ উদ্বোধন করেন। প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সড়কের কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রবাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, তুমলিয়া ইউনিয়ন পরিষদের পাশেই রয়েছে বোয়ালী উচ্চ বিদ্যালয়। ওই স্কুল লাগোয়া বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। এর কিছু দূর গেলে একই এলাকায় বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়। ওই সড়কে রয়েছে সেন্ট মেরিস স্কুল অ্যান্ড কলেজ। আর ওই সড়কে প্রায় ১০/১২টি বৈদ্যুতিক খুঁটি সড়কের ওপরে দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়দের প্রবল আপত্তির পরও সংস্কারের সময় খুঁটিগুলো সড়ক থেকে সরানো হয়নি।

বোয়ালী গ্রামের বাসিন্দা আশীষ পিটার গমেজ বলেন, এই সড়কের পাশে বেশ কিছু কারখানা গড়ে উঠেছে। যে কারণে সেখানে ভারি যানবাহন চলাচল করে। আর এই সব যানবাহনের কারণেই সড়কটি তাড়াতাড়ি নষ্ট হয়ে অচল ছিল দীর্ঘদিন। বহু প্রতিক্ষার পর রাস্তা যদিও সংস্কার হলো কিন্তু সমস্যা আবার বেড়েও গেল। রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিগুলো সরানো হয়নি। যে কারণে শঙ্কা রয়েই গেল। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর এ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সড়কের ওপর থেকে বৈদ্যুতিক খুঁটি সরানো উচিত।

তুমলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মাহফুজুর রহমান বলেন, আমি ইতোমধ্যে বেশ কয়েকবার পল্লী বিদ্যুতের ডিজিএমের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এটা যদি কোন ব্যক্তির জমির ওপর দিয়ে যেতো, তাহলে দ্রুত সরিয়ে নেওয়া যেত। যেহেতু এটি একটি প্রাতিষ্ঠানিক কাজ তাই এলজিইডিকে পল্লী বিদ্যুতের জিএম বরাবর একটি আবেদন করতে হবে। আর আবেদনের পরিপ্রেক্ষিতে খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।

তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিয়া বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ওই সড়কের পাশের এক ইউপি সদস্য ইতোমধ্যে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন,তারা দ্রুত তা সরিয়ে নিবেন।

উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার বলেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে পল্লী বিদ্যুতের জিএম বরাবর আবেদন পাঠাব। তারপর বাকি কাজ তাদের। আবেদনের পর কতদিন লাগবে তা তারা ভালো বলতে পারবে।

পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বলেন, বিষয়টি মৌখিকভাবে অবগত হয়েছি। যেহেতু এটি একটি ভিন্ন দাপ্তরিক কাজ তাই মৌখিকভাবে কাজ করার সুযোগ নেই। সড়কটি এলজিইডির দায়িত্বে থাকায় আমরা সরাসরি কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারিনা। প্রতিষ্ঠানটি যদি আমাদের জিএম বরাবর আবেদন করে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুত খুঁটি সরানোর কাজ সম্পন্ন করতে পারি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১