বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০২১

খাল ভরাট করে রাস্তা নির্মাণ


গৌরনদী পৌর এলাকার দিয়াশুর মহল্লার শত বছরের একটি পুরোনো সরকারি খাল ভরাট করে নিজেদের বাড়ির জন্য রাস্তা নির্মাণ করেছে প্রভাবশালীরা। খালের মধ্যে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়ে পানিতে ডুবে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। তারা নিরুপায় হয়ে জলাবদ্ধতা নিরসনসহ খাল ভরাটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।

সরেজমিন দেখা গেছে, দিয়াশুর গ্রামের চৌকিদার বাড়ি থেকে বড় খাল (মোল্লারখাল) ভায়া বাংলা বাজার সরকারি খালটি শত বছরের পুরোনো। গত কয়েকদিন পূর্বে সরকারি খালের মধ্যবর্তী স্থানে দিয়াশুর গ্রামের মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে সুলতান হাওলাদার, দুলাল হাওলাদার ও সাইদুল হাওলাদার তাদের বাড়ির সামনে দুইশ ফুট বাঁধ নির্মাণ করে বালু ভরাট করেন। ফলে গত কয়েকদিনের বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধা সৃষ্টি হয়ে প্রায় দুইশ’ একর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি কালনা ও দিয়াশুর গ্রামের প্রায় শতাধিক পরিবার জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পরেছেন। ১০টি মুরগীর ফার্ম ও একাধিক গরুর ফার্মে পানি ঢুকে গৃহস্থরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এছাড়া দিয়াশুর ভোলাই মল্লিক বাড়ি থেকে বাংলা বাজার পর্যন্ত কার্পেটিং সড়কটি পানিতে তলিয়ে বিভিন্ন স্থানে ভেঙে গেছে।

খাল দখলের অভিযোগ অস্বীকার করে দুলাল হাওলাদার বলেন, আমরা আমাদের পূর্ব পুরুষদের ব্যক্তি মালিকানার সম্পত্তিতে বাঁধ দিয়ে ভরাট করেছি।

স্থানীয় পৌর কাউন্সিলর ইখতিয়ার হাওলাদার অবৈধভাবে সরকারি খাল দখলের কথা স্বীকার করে বলেন, আমি খালটি ভরাট করতে নিষেধ করেছি। কিন্তু তারা শোনেননি। খাল ভরাটের ফলে কৃষির ব্যাপক ক্ষতি ও মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, কৃষকের ফসল রক্ষার জন্য পানি নিষ্কাশনসহ খাল ভরাটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১