বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০২১

ইংল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত এ ম্যাচে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৬ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। যেখান থেকে মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৪ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা হয় টাইগারদের। লিটন দাস প্রথম ওভারের শেষ দুই বলে মঈন আলীকে টানা চার মেরেছেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না। পরের ওভারে ইংল্যান্ড স্পিনারের খেলা প্রথম বলেই আউট তিনি। ৮ বলে ৯ রান করে আবারো ব্যর্থ ডানহাতি ব্যাটসম্যান। লিটন ফেরার পরের বলেই ওকসের ক্যাচ হয়ে ফেরেন নাঈম। ১৪ রানেই দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ, নাঈম ৫ রান করেছেন ৭ বল খেলে।

দুই ওপেনারকে দ্রুত হারিয়ে দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করা হচ্ছিল সাকিব আল হাসানের কাছ থেকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন না তিনি। ৭ বল খেলে ৪ রানে আউট তিনি। ক্রিস ওকসের বলে শর্ট ফাইনে আদিল রশিদের দুর্দান্ত ক্যাচ হন সাকিব।

চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৩৭ রানের জুটি গড়ার পর আউট হন মুশফিকুর রহিম। লিয়াম লিভিংস্টোনকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন মুশফিক। ৩০ বলে ২৯ করে আউট হন সাবেক অধিনায়ক। 

লিভিংস্টোনের বলে ঠিকঠাক সিঙ্গেল পূর্ণ করেছিলেন মাহমুদউল্লাহ। তবে টাইমাল মিলসের মিসফিল্ডে ডাবলস নেওয়ার জন্য আফিফকে ডেকেছিলেন মাহমুদউল্লাহ। অধিনায়কের ডাকে দ্রুতই বেরিয়ে এসেছিলেন আফিফ। কিন্তু হুট করেই তাকে ফিরিয়ে দেন মাহমুদউল্লাহ। কিন্তু ক্রিজে ফিরতে পারেননি আফিফ। ৬ বলে ৫ রান করে রান আউটে কাটা পড়লেন তিনি। 

দলের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে মাহমুদউল্লাহর কাছে অধিনায়কোচিত ইনিংসের প্রত্যাশা ছিল সবার। কিন্তু আজ শুরু থেকেই ধুঁকেছেন তিনি, শেষ পর্যন্ত আর পারলেন না। পার্ট টাইমার লিভিংস্টোনের ওপর চড়াও হতে গিয়ে ক্যাচ দিলেন মাহমুদউল্লাহ। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ১৯ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।

দলীয় ৯৮ রানে সপ্তম উইকেট হারালো বাংলাদেশ। টাইমাল মিলসের বলে ক্রিস ওকসকে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন মেহেদী হাসান। মাত্র ১০ রান করেন তিনি। ১৯তম ওভারে আদিল রশিদের ওপর চড়াও হয়েছেন নাসুম আহমেদ। প্রথমে মেরেছেন ইনিংসের প্রথম ছয়। ২ বল পর মেরেছেন আরেকটি। শেষ বলে থার্ডম্যান দিয়ে মেরেছেন চার। এই ওভারে উঠেছে ১৭ রান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১