আপডেট : ২৮ October ২০২১
ভর্তি ফি, ক্রেডিট ফি, হল ফিসহ আনুষঙ্গিক সকল ফি কমানোর দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা মেরে চলছে সাধারণ শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের আন্দোলন। সমাধান না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। গত ২৬ অক্টোবর রাত থেকে পরীক্ষার ফি, ভর্তি ফি, কেন্দ্র ফি কমানোসহ বিভিন্ন দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। প্রশাসন আমাদের উপর অন্যায়, জুলুম চাপাচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ফি কম হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক বেশি নিচ্ছে। যা মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের দাবি গুলো হলো- বেতন ৬০০টাকা, ক্রীড়া ও সাংস্কৃতি ফি ২০ টাকা, ছাত্র কল্যাণ ফি ৫০ টাকা, আইডি কার্ড ৫০ টাকা, চিকিৎসা ফি ৫০ টাকা, পরিবহন ফি ৩০০ টাকা, রোভার স্কাউটস ২০ টাকা, বিএনসিসি ২০ টাকা, সিলেবাস ৫০ টাকা, হলের সংস্থাপন ফি ৭৫ টাকা, সিট ভাড়া ৭৫ টাকা, পরীক্ষার প্রতি ক্রেডিট ৫০ টাকা ও প্রবেশ পত্র ফি ৫ টাকা করতে হবে। এছাড়া, কম্পিউটার ও ইন্টারনেট ফি, কাউন্সিলিং ফি, বিভাগ উন্নয়ন ফি, কেন্দ্র ফি বাতিল করতে হবে। এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল (২৭ অক্টোবর) পূর্বঘোষিত বেতন ১২০০ টাকা, ক্রীড়া ও সাংস্কৃতি ফি ২০০ টাকা, ছাত্র কল্যাণ ফি ১৫০ টাকা, স্মার্ট আইডি কার্ড ৪০০ টাকা, চিকিৎসা ফি ২০০ টাকা, পরিবহন ফি ৬০০ টাকা, রোভার স্কাউট ৫০ টাকা, বিএনসিসি ৫০ টাকা, সিলেবাস ১৫০ টাকা, হলের সংস্থাপন ফি ১৫০ টাকা, সিট ভাড়া ১৫০ টাকা, প্রতি ক্রেডিট ফি ১০০ টাকা, পরীক্ষার কেন্দ্র ফি ২০০ টাকা, প্রবেশপত্র ২৫ টাকা এবং কম্পিউটার ও ইন্টারনেট ফি ২০০ টাকা, স্টুডেন্ট গাইড ও কাউন্সিলিং ফি ২০০ টাকার ফি সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্য ও বিজ্ঞান অনুষদের ডিন ড. শাহজাহান বলেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে এখনই একাত্মতা ঘোষণা করবেন না। তবে ফি কমানো হয়েছে দাবি করে তিনি বলেন, একেবারেই যে ফি কমে নি, তা না। অনেক জায়গায়ই কমেছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে রিজেন্ট বোর্ড যে সিদ্ধান্ত দেবে, আমাদের সবাইকে তা মানতে হবে। এদিকে উপাচার্যের অফিস সুত্রে জানা গেছে, আজ (২৮ অক্টোবর) দুপুরে উপাচার্য ড. এ কিউ এম মাহবুব ঢাকা থেকে গোপালগঞ্জ আসবেন। শিক্ষার্থীদের দাবির বিষয়ে এ সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বললেও বিস্তারিত আলোচনা করবেন আগামী মঙ্গলবার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১