বাংলাদেশের খবর

আপডেট : ০১ November ২০২১

রাস্তায় থাকা ১২ গাড়ি দুমরে মুচরে দিলো ট্রাক, নিহত ১


মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রুনা আক্তার(৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ২০ জন। আজ সোমবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত রুনা আক্তার রাজধানীর মিরপুর এলাকার আব্দুল হালিম ব্যাপারির স্ত্রী। আহতরা হলেন, খোরশেদ ফকির(৭০) ,আফরাহিন(২৭),হাবিবা বেগম (৫০),তাছমিয়া আক্তার(৬) ,সিদ্দিকা বেগম(৩৫) ,পিয়ার হোসেন (৪০), সুমন মিয়া,(৪০), মো.তামিম(১৮),নুসরাত আক্তার(১৮),লিটন সরকার(২৮),আলাউদ্দিন ছৈয়াল(৬৫), শরিফ হোসেন (৩০),মো.রুবেল(৩০)ও সুমন হোসে (৩০) সহ আরো বেশ কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে মুক্তারপুর পেট্রোল পাম্প এলাকায় গাড়ির ধীরগতির ছিল। যানজটে পরে রাস্তার উপর অনেকগুলো যাত্রীবাহী গাড়ি অপেক্ষমান ছিল। হঠাৎ করে পেছন থেকে একটি ট্রাক এসে ৫টি সিএনজি ও ৬/৭ টি অটো এবং একটি পিক্যাপের উপরে উঠিয়ে দেয়। পরে ঢাকামুখী একটি ট্রাকের সাথে ওই ট্রাকটি মুখোমুখি সংঘর্ষ হলে, ট্রাকটি থেমে যায়। তবে এ সময় সিএনজি ও ব্যাটারি চালিত অটোতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। এ সময় সিএনজি যাত্রী রুনা বেগম নিহত হয়। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে নিহত রুনার মেয়ে তায়েবা (৬) বলেন, আমরা সিএনজি দিয়ে নানু বাড়ি মুন্সিগঞ্জের শাখারী বাজার যাচ্ছিলাম। মুক্তারপুর এলকায় একটু জ্যাম পড়ায় আমাদের সিএনজিটি আস্তে আস্তে চলছিলো। এ সময় পিছন দিক হতে ট্রাক আমাদের সিএনজিকে ধাক্কা দিলে আম্মু সিএনজিসহ উল্টে যায়। আমি জ্ঞান হারাইয়া ফেলি। পরে হাসপাতালে আনার পর আমার আম্মু মারা গেছে।

আহত জিয়াস বলেন, আমি আমার আব্বু আম্মু ও বোন হাবিবাকে নিয়ে নারায়নগঞ্জ হতে আমাদের গ্রামের বাড়ি, শ্রীনগর থানায় সীমপাড়ায় যাচ্ছিলাম । এ সময় ট্রাক আমাদের সিএনজিকে ধাক্কা দিলে আমার আব্বু মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। আমার আম্মু এবং বোন হাবিবাও আহত হয়েছে।

টিআই বজলুর রহমান বলেন, সার বোঝাই ট্রাক ঢাকা মেট্রো ট-১৬-২১৭৯ সার বোঝাই করে নারায়নগঞ্জ হতে মুন্সিগঞ্জের মীর কাদিম গোডাউনে যাচ্ছিলো । এ সময় ট্রাকটি ব্রেক ফেল করে ৫টি সিএনজি,৬/৭টি অটো রিক্রা ও একটি পিক্যাপকে ধাক্কা মেরে পরে রাস্তার মধ্যে দাড়িয়ে থাকা অপর একটি ট্রাক ঢাকা মেট্রো-অ-১১-৩৩৩৭কে ধাক্কা মেরে কাত হয়ে পরে যায়। এ সময় ওই ট্রাক ড্রাইভারসহ ২০ জন আহত ও এক নারী নিহত হয়।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের এসপি রাসেল মনির জানান, নারায়ণগঞ্জ থেকে সার বোঝাই একটি ট্রাক মুন্সিগঞ্জের মিরকাদিমের দিকে যাচ্ছিলো। মুক্তারপুর সেতুর উপরে আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি মুক্তারপুর এলাকার পেট্রোল পাম্প এলাকায় এসে সড়কে অবস্থান করা ৪ টি যাত্রীবাহি সিএনজি,চার-পাঁচটি ব্যাটারিচালিত রিকশা এবং একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ২০-২৫ আহত হয়েছেন।এদের মধ্যে ৫ জনের অবস্থা খুবই গুরুতর। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক আহত হয়েছেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হাসান বলেন, দুপুর একটার দিকে সড়ক দুর্ঘটনা আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান জানান, ঘটনার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে যাই। দুমড়ে মুচড়ে যাওয়া যানবাহনগুলো থেকে আহতদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠাই। রাস্তায় যানচলাচল স্বাভাবিক করি। সেই সাথে এই ঘটনা কেন, কীভাবে হলো খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১