আপডেট : ০৪ November ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।মূল একাদশে নাসুম আহমেদের পরিবর্তে স্থান পেয়েছেন মোস্তাফিজ। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘দেখে মনে হচ্ছে সত্যিই ভালো উইকেট। বিশ্রাম অল্প কয়েকদিন পেয়েছিলাম আমরা এবং আবার দল হয়ে মাঠে নামছি।’ এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে চার ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর এবার লাল সবুজের দলের সামনে অস্ট্রেলিয়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়তো বাংলাদেশের ক্রিকেটে একটা ক্ষতচিহ্ন হয়েই থাকবে, কিন্তু এটাও ঠিক-বাংলাদেশের ক্রিকেট এখানেই শেষ নয়। আজকের শেষ ম্যাচটা বরং হতে পারে নতুন পথের দিকে প্রথম পদক্ষেপ। বিশ্বকাপের পর নতুন শুরুর প্রেরণা বাংলাদেশ খুঁজে নিক এই ম্যাচ থেকেই। ঐতিহাসিক শারজাহ কিংবা আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম; দুটি ভেন্যুই হতাশ করেছে বাংলাদেশকে। জয়ের কাব্যরচনার পরিবর্তে লেখা হয়েছে হারের শোকগাঁথা। এবার বাংলাদেশ নামবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যাদের বিপক্ষে মাস দুয়েক আগে ঘরের মাঠে দাপুটে সিরিজ জয়ের স্মৃতি এখনো তরতাজা। যদিও এসব অঙ্ক কষে এখন লাভ নেই! বিশ্বকাপ যাত্রার এই কিছু দিনে সব ওলটপালট হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচটি সেমিফাইনালের পথে আরও একধাপ এগোনোর রাস্তা হলেও বাংলাদেশের জন্য শুধু নিয়মরক্ষার। তবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার জন্য জয়টা প্রয়োজন মাহমুদউল্লাহর দলের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১