বাংলাদেশের খবর

আপডেট : ০৬ November ২০২১

কোচ হয়ে বার্সায় ফিরছেন জাভি


অনেকদিন আগেই বার্সেলোনার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন জাভি হার্নান্দেজ। বার্সার সমর্থকেরাও তাকে চাইছিল। রোনাল্ড কোম্যান বরখাস্ত হওয়ার পর থেকে তো দাবিই উঠেছে, জাভিকে কোচ হিসেবে নিয়ে আসার। অবশেষে কয়দিন ধরে চলা গুজন সত্যি হতে যাচ্ছে। কাতারের ক্লাব আল সাদের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার কোচ হচ্ছেন দলটির সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ।

আল সাদ এর আগে বলেছিল, তারা জাভিকে ছাড়বে না। তবে গত বুধবার ৪১ বছর বয়সী জাভি বলেন, তিনি 'ঘরে' ফিরতে মুখিয়ে আছেন। এরপর গতকাল শুক্রবার আল সাদ ক্লাবের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, বার্সেলোনা রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে রাজি হওয়ায় তারা জাভিকে ছেড়ে দিতে রাজি। যদিও বার্সেলোনার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রোনাল্ড কোম্যানের অধীনে বার্সার অবস্থা করুণ হয়ে গিয়েছিল। বর্তমানে লা লিগায় ১১ ম্যাচে চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে নবম স্থানে। এখন তারা স্বপ্ন দেখছে জাভিকে নিয়ে। বার্সেলোনার যুব একাডেমিতে বেড়ে ওঠা জাভি বার্সার হয়ে ৭৭৯ ম্যাচ খেলে জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৮টি লা লিগাসহ মোট ২৫টি শিরোপা।

২০১৫ সালে বার্সেলোনা ছেড়ে শুরুতে আল সাদে খেলোয়াড় হিসেবে যোগ দেন জাভি। পরে ২০১৯ সালে দলটির কোচের দায়িত্ব নেন। তার হাত ধরে দলটি জিতেছে একটি করে কাতার স্টার্স লিগ ও কাতার সুপার লিগ এবং দুটি করে কাতার কাপ ও আমির অব কাতার কাপ। আন্তর্জাতিক ক্যারিয়ারে স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও ২টি ইউরো শিরোপা জিতেছেন জাভি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১