আপডেট : ০৯ November ২০২১
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে শুধুমাত্র প্রাইভেট গাড়ি নিয়ে চলবে ৪টি ফেরি। এই সমস্ত ফেরিতে কোন ধরনের বাস, ট্রাক চলাচল করিতে পারিবে না বলে শিমুলিয়া ঘাট এর বিআইডব্লিউটিসি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এর আগে, ১৩ দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আবারো পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। গত ২৬ অক্টোবর সকালে পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট থেকে একটি ফেরি বাংলাবাজার ঘাটে যায়। সেই ফেরিটি লোড করে আবারো শিমুলিয়া ঘাটে ফিরে আসে। পরে পরিস্থিতি বিবেচনা ও দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ১৭টি মোটরসাইকেল ও ২ টি ছোট গাড়ি নিয়ে ফেরি সুফিয়া কামাল বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। দেড় ঘণ্টায় ফেরিটি বাংলাবাজার ঘাটে যায়। পরে আবার সেই ফেরিটি সেখান থেকে ৯টি ছোট গাড়ি ও ১০ টি মোটর সাইকেল নিয়ে শিমুলিয়া ঘাটে নিরাপদে ফিরে আসে। এরপর শিমুলিয়া ঘাট হতে ছেড়ে যায় আরো দুইটি ফেরি এবং ফিরে আসে একটি ফেরি। এ নিয়ে আজ শিমুলিয়া ঘাট হতে মোট তিনটি ফেরি বাংলা বাজার ঘাটে ছেড়ে যায় এবং বাংলাবাজার ঘাট হতে দুইটি ফেরি ছেড়ে শিমুলিয়া ঘাটে নিরাপদে আসতে সক্ষম হয়। এসব তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ গতকাল রাত সাড়ে ৮টার দিকে বলেন, মঙ্গলবার সকাল ৬টা হতে বিকাল ৪টা পর্যন্ত এই রুটে মোট চারটি ফেরি চলাচল করবে। তবে চলাচলকারি ফেরি গুলোতে শুধুমাত্র প্রাইভেট গাড়ি পারাপার করা হবে। তিনি জানান, আজ ৩ টি ফেরি নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করে বাংলাবাজার ঘাটে ছেড়ে গেছে এবং বাংলাবাজার ঘাট হতে দুইটি ফেরি শিমুলিয়া ঘাট নিরাপদে ফিরে এসেছে। নদীর অবস্থা আগের চেয়ে ভালো।ফেরি চালানোর উপযোগী । বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, এর আগে তীব্র স্রোতের কারণে ১৮ আগস্ট থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। নদীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৪ অক্টোবর থেকে পাঁচটি ছোট ফেরির মাধ্যমে আবার পারাপার শুরু হয়। ১১ অক্টোবর নদীতে আবার স্রোত বেড়ে যায়। এ কারণে পদ্মা সেতুর নিরাপত্তা ও নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। ১৪ অক্টোবর দুপুরে পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যায়। পরে বিআইডব্লিউটিএ, পদ্মা সেতু ও সেনা কর্মকর্তারা নদীর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে ফেরি চলাচল বন্ধ রাখেন। সব শেষ গত ২৬ অক্টোবর ফেরি কুঞ্জলতা দিয়ে পরিক্ষা মূলক দুই ট্রিপ দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১