বাংলাদেশের খবর

আপডেট : ০৯ November ২০২১

দেশে করোনার ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন


দেশে করোনার চিকিৎসায় মুখে খাওয়ার ট্যাবলেট ‘মলনুপিরাভির’ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। গতকাল সোমবার দেশীয় ওষুধ প্রস্তুকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে জরুরি ব্যবহারের জন্য এই অনুমোদন দেওয়া হয়। দেশের বাজারে বেক্সিমকো ফার্মার প্রস্তুতকৃত ওষুধের ব্র্যান্ড নাম হবে ‘ইমোরিভির’।

এছাড়া আরও ১০টি কোম্পানি অনুমোদনের জন্য আবেদন করেছে। সেগুলোর অনুমোদন এই সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস জানায়, করোনা চিকিৎসায় ব্যবহৃত বিশ্বের প্রথম মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ দেশের বাজারে আনছে বেক্সিমকো ফার্মা। এটি জরুরি ব্যবহারে ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন মিলেছে। যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) ও রিজেবাক বায়োথেরাপিউটিক যৌথভাবে তৈরি করেছে লাগেভ্রিও (মলনুপিরাভির) নামে মুখে খাওয়ার এই ওষুধ।

এ বিষয়ে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা বলেন, মুখে খাওয়ার প্রতিটি ওষুধের বাজার মূল্য ধরা হয়েছে ৭০ টাকা। চিকিৎসকের পরামর্শে ১৮ বছরের বেশি বয়সী করোনা আক্রান্ত রোগীকে সংক্রমণ প্রতিরোধে ৪০টি পিল খেতে হবে। যার বাজার মূল্য হচ্ছে ২ হাজার ৮০০ টাকা

ওষুধের প্রাপ্তিস্থান প্রসঙ্গে রাব্বুর রেজা বলেন, রাজধানীর ১৫০টি ফার্মেসিতে সোমবার আমরা এ ওষুধ পাঠিয়ে দিয়েছি। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে আজ পাঠানো হবে। যে সব এলাকার মানুষ এখন বেশি করোনায় আক্রান্ত হচ্ছে, সেই সব এলাকায় এ ওষুধ পাঠানো হবে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান এই ওষুধ তৈরির জন্য আবেদন করেছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্কয়ার, এসকেএফ, ইনসেপ্টা, জেনারেল ফার্মা, বিকন ফার্মা, রেনাটাসহ ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছিল, সেগুলোর অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

চার দিন আগে যুক্তরাজ্য সরকার এ ওষুধের অনুমোদন দেয়। যুক্তরাজ্যে অনুমোদনের ৪ দিন পর দেশে ওষুধটির উৎপাদন ও ব্যবহারের বিষয়ে উদ্যোগ নেওয়া হলো।

এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেন, ‘মহামারিকালে “রেমিডেসিভির” এর পর “মলনুপিরাভির” দেশের বাজারে এনে করোনার চিকিৎসা মানুষের কাছে সহজলভ্য করতে বেক্সিমকো যে দ্রুত সাড়া দেয়, এটি তার উদাহরণ। এটি কোম্পানির অনেক বড় সাফল্য এবং করোনার এই যুদ্ধে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; বিশেষ করে নিম্ন আয়ের দেশে যেখানে টিকা ঠিকমতো পৌঁছাতে পারছে না।

মলনুপিরাভির প্রস্তত্তকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বাজারে বর্তমানে করোনা রোগীদের চিকিৎসার জন্য যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে, সেগুলোর মূল কাজ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা, ভাইরাসকে অকার্যকর করা নয়। এক্ষেত্রে মলনুপিরাভিরই বিশ্বে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ওষুধ, যেটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, পাশাপাশি ভাইরাসের প্রজনন ক্ষমতা অকার্যকর করতে সক্ষম।

এ পর্যন্ত তিনটি মেডিক্যাল ট্রায়াল পার করেছে মলনুপিরাভির। প্রতিটি ট্রায়ালেই রোগীদের শারীরিক অবস্থার লক্ষ্যণীয় উন্নতি দেখা গেছে বলে জানা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১