আপডেট : ১০ November ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপ সপ্তম আসরের প্রথম সেমিফাইনালে আজ বুধবার মুখোমুখি হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। কাগজে-কলমে কিউইদের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে ২০১০ সালের শিরোপাধারী ও গতবারের রানার্সআপ ইংলিশরা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ সময়ে রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড। ২১ লড়াইয়ে ১২ জয় ইংল্যান্ডের। ৭ জয় নিউজিল্যান্ডের। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়। বিশ্বকাপের মঞ্চে পাঁচবার দেখা হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। এতে তিনবার জিতে ইংলিশরা। আর দুবার জিতে কিউইরা। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৫ রানে জিতেছিল নিউজিল্যান্ড। ২০১০ সালে তৃতীয় বিশ্বকাপে আবারো গ্রুপ পর্বে লড়াই করে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই ম্যাচটি উত্তেজনা ছড়িয়েছে। শেষ ওভারে ৩ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা। বিশ্বকাপের মঞ্চে প্রথম দুই লড়াই হাড্ডাহাড্ডি হলেও, ২০১২ সালে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে সহজেই জিতে যায় ইংল্যান্ড। ৬ উইকেটে ম্যাচ জিতেছিল ইংলিশরা। ২০১৪ সালে বাংলাদেশের হওয়া বিশ্বকাপে আবারো গ্রুপ পর্বে দেখা হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। বৃষ্টি আইনে সেই লড়াই ৯ রানে জিতেছিল কিউইরা। সর্বশেষ ২০১৬ সালের সেমিফাইনালে দেখা হয়েছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এ ম্যাচে নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। ৭ উইকেটের সহজ জয়ে দ্বিতীয়বারের মত ফাইনাল খেলে ইংলিশরা। টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রান করে কিউইরা। কলিন মুনরো ৪৬, অধিনায়ক কেন উইলিয়ামসন ৩২ ও কোরি এন্ডারসন ২৮ রান করেন। ইংল্যান্ডের বেন স্টোকস ২৬ রানে ৩ উইকেট নেন। জবাবে ওপেনার জেসন রয়ের ৪৪ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংসে ১৭ বল বাকী রেখে টার্গেট স্পর্শ করে ফেলে ইংল্যান্ড। তবে আগের পরিসংখ্যান যাই থাকুন, নিউজিল্যান্ড কোনোভাবেই ইংল্যান্ডের চেয়ে কম নয়। ফলাফল যে কোনো দলের পক্ষেই যেতে পারে। নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, এডাম মিলনে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি। ইংল্যান্ড দল : ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১