আপডেট : ১৫ November ২০২১
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত বিভিন্ন সময়ে একমত হয়েছে যে ভারত-বাংলাদেশ সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটবে না, কিন্তু তা সত্ত্বেও তা অব্যাহত আছে। আজ সোমবার থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) মন্ত্রিপরিষদের ২১তম সম্মেলন উপলক্ষে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমার কিছু বলার নেই। সীমান্ত হত্যা নিয়ে ভারত সবসময় মন্তব্য করে এসেছে, জীবন বাঁচানোর শেষ উপায় হিসেবে বিএসএফ গুলি চালায়।’ ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়শনে বিভিন্ন দেশের ১২ জন মন্ত্রী এবং ২৩টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। অনুষ্ঠানের প্রথম ২ দিন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের হবে এবং তৃতীয় দিন মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিন অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলমও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বৈঠকে ভারত মহাসাগরের সম্পদ সর্বোত্তমভাবে ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করা হবে, যা মূলত অব্যবহূত আছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বলবে যে, আমরা মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চাই। আমরা কোনো দেশ বা দলের একতরফা আধিপত্য চাই না।’ বিএসএফর হাতে গত শুক্রবার বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটে দুজন বাংলাদেশিকে হত্যা করা হয়। এর নয় দিন আগে গত ২ নভেম্বর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটের কানাইঘাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ জোয়ানরা। এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার। আর বাংলাদেশের জন্য দুঃখজনক। আমরা সীমান্তে কোনো হত্যা দেখতে চাই না। দুই দেশই সীমান্তে লিথ্যল উইপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার না করতে সম্মত হয়েছে। তার পরও সীমান্ত হত্যা চলছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১