আপডেট : ১৫ November ২০২১
অভিনেত্রীদের নিয়ে আলোচনায় এলে দর্শক নির্মাতাদের মধ্যে ঘুরে ফিরে অন্য অনেক কিংবদন্তি নাট্যাভিনেত্রীদের নামের সাথে তারিন জাহানের নামটিও বেশ শ্রদ্ধার সাথেই উচ্চারিত হয়। কারণ নাটকের গল্পে তারিন তার অভিনীত চরিত্রে এতটাই ন্যাচারাল থাকেন, যেন সেই চরিত্রের প্রতি দর্শকের এক ধরনের বিশ্বাস তৈরি হয়, আস্থা তৈরি হয়। জন্ম নেয় ভালো লাগার, ভালোবাসার। তাই দর্শক বিশেষত নানান উৎসবে প্রিয় এই অভিনেত্রীর অভিনীত নাটকও দেখার আগ্রহ প্রকাশ করেন। দর্শকের সেই আগ্রহের কথা সামাজিক যোগাযোগমাধ্যমেই জানতে পারেন তিনি। তাই প্রিয় দর্শকের কথা বিবেচনা করেই তারিন সব সময়ই চেষ্টা করেন ভালো ভালো গল্পের চরিত্রে অভিনয় করতে। এবার তারিন আরো একটি নতুন চরিত্রে অভিনয় করলেন। চয়নিকা চৌধুরী পরিচালিত এ নাটকটির নাম ‘অলিক বিভ্রম’। নাটকে তিনি কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিমের সঙ্গে। এরই মধ্যে রাজধানীর একটি মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘বেশ কিছুদিন পর সেলিম ভাইয়ের সঙ্গে নাটকে কাজ করলাম। নাটকের গল্পটা আমার কাছে ভালো লেগেছে। ইফফাত আরেফিন মাহমুদ তন্বী ভালো লিখেছে। আমার চরিত্রটাও অন্যরকম। এ ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। যদিও এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। আমার বিশ্বাস নাটকটি সব ধরনের দর্শকের কাছে সমান গ্রহণযোগ্যতা পাবে। নাটকটি কবে কোন চ্যানেলে প্রচার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।’ এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘রক্তমাখা সিঁড়ি’তে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তারিন। ‘রক্তমাখা সিঁড়ি’ গানটি লিখেছেন সুজন হাজং এবং সুর সংগীত করেছেন সমুন কল্যাণ। হুমায়ূন আহমেদের ‘এইসব দিন রাত্রি’ ধারাবাহিক নাটকে প্রথম শিশু চরিত্রে অভিনয় করে টিভিতে নিজের আত্মপ্রকাশ করেন তারিন জাহান। তারপর ১৯৮৮ সালে শহীদুল্লাহ কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘সংশপ্তকে’ও শিশু চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকির আহমেদের ‘কাঁঠাল বুড়ি’ শিরোনামের নাটকে। শুধু টিভিতেই নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি এ অভিনেত্রী। অভিনয় করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও। ‘পিরীত রতন পিরীত ধন’ এবং ‘কাজলের দিনরাত্রি’ নামের দুটি সিনেমাতে অভিনয় করে দর্শক প্রিয়তা পেয়েছেন। এর মধ্যে ‘কাজলের দিনরাত্রি’ সিনেমাটি ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়। অভিনয়ের পাশাপাশি নৃত্য ও বিজ্ঞাপনের মডেলিংয়েও দারুণ জনপ্রিয়। প্রায় সময়ই তাকে নানা রকম অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। হাজির হন বাহারি সব পণ্যের বিজ্ঞাপনেও।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১