বাংলাদেশের খবর

আপডেট : ১৫ November ২০২১

ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে কোপাল দুর্বৃত্তরা


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল ফকির ও তার ছেলেসহ পাঁচজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (১৪ নভেম্বর) রাতে শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের কাজীরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যানের মাথা, ঘাড়সহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত থাকায় তাকেসহ তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনা পর ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও হাসাপাতাল সুত্রে জানা যায়, উপজেলার শিবচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল ফকির ও চাচাতো ভাই রাসেল ফকিরের সাথে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। গত শনিবার ন্যায্যমুল্যের চাল দেয়ার সময় বাবুলের সমর্থক ফিরোজ ফকিরের সাথে রাসেলের সমর্থক কলম খাঁর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার সূত্র ধরে এই হামলার ঘটনা ঘটে।

পরে চেয়ারম্যান ও তার কর্মী-সমর্থকদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বাবুল ফকির বলেন, রাসেল,আকবরসহ অনেকে ধারালো অস্ত্রসহ আমার ছেলের উপর প্রথম হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে ওরা আমার উপরও হামলা চালায়। মারা গেছি ভেবে ওরা আমাকে ফেলে রেখে যায়। ওরা আমাদের একজনের দোকান লুটপাট করেছে। আমার স্ত্রী ও বোনকেও মারধর করেছে। মোট পাঁচজনকে ওরা কুপিয়েছে। ওরা সন্ত্রাসী বাহিনী অস্ত্রধারী। আমি এর দৃষ্টান্তমুলক বিচার চাই।

হামলার বিষয়ে মুঠোফোনে রাসেল ফকির বলেন, চেয়ারম্যানের উপর হামলার সময় আমি ছিলাম না। এই গন্ডগোলের সুত্রপাত ওরা আগে করেছে। চেয়ারম্যানের ছেলে আগে আমার লোককে মারছে। পরে আমিও ওদের এক লোককে থাপ্পড় দিছি। এরপর ওরা থানায় অভিযোগ দেয়ায় আমি সরে গিয়েছিলাম। আমার পক্ষের বাড়িঘরে হামলা চালাতে যাওয়ায় সেই পক্ষ ঘটনাটি ঘটাতে পারে।

শিবচর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাকিব হোসেন জানান, চেয়ারম্যানসহ পাঁচজনকে আমারা চিকিৎসা দিয়ে ভর্তি করেছিলাম। তবে গুরুতর হওয়ায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন , আধিপত্য নিয়ে এটা তাদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ। সেই সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১