বাংলাদেশের খবর

আপডেট : ১৮ November ২০২১

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড


গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর হাসান আলী হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবুসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন। এ সময় আদালতে ১৬ আসামির মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক আহমেদ প্রিন্স।

তিনি জানান, আব্দুল মান্নান নামে এক প্রফেসরকে পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে বেআইনিভাবে অব্যাহতি প্রদান করা হয়। এ কারণে এলাকার জনগণ তার প্রতিবাদ করে। কিন্তু নজরুল ইসলাম লেবুসহ তৎকালীন জামায়াত-শিবিরের নেতারা প্রতিবাদী লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে আব্দুল মান্নানকে মারপিট করার জন্য জামাত-শিবিরের লোকজন গাইবান্ধার পলাশবাড়ীর আমবাড়ী এলাকায় গিয়ে আব্দুল মান্নানকে মারপিট শুরু করেন।

এ সময় তার ভাই হাসান আলী তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসান আলীর মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের নামে মামলা করে।

এ মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে ১৬ আসামির মধ্যে ১৩ আসামির উপস্থিতিতে ৮ জনকে আমৃত্যু কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ৬ জন উপস্থিত ছিলেন বাকি দুজন পলাতক। এ ছাড়া মামলার ৮ আসামিকে খালাস দেওয়া হয়।

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, এ মামলায় আসামিপক্ষ সন্তুষ্ট নয়। আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি আমরা ন্যায় বিচার পাব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১