বাংলাদেশের খবর

আপডেট : ২০ November ২০২১

আরপি সাহার জন্মবার্ষিকীতে দেশ-বিদেশি অতিথিদের মিলনমেলা


দানবীর রায় বাহাদুর রণদা প্রসাদ সাহার ১২৫তম জন্মবার্ষিকী ও কুমুদিনীর ৯০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার কুমুদিনী চত্বর বর্নীল সাজে সজ্জিত করা হয়। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে কুমুদিনী চত্বর আনন্দ আয়োজনে মুখর হয়ে উঠতে শুরু করে। দুপুরের পর দেশ-বিদেশের অসংখ্য অতিথি ভিড় জমান কুমুদিনী চত্বরে। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং তাদের তোড়ন দিয়ে বরণ করে নেয় কুমুদিনী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এসময় অতিথিদের মিলনমেলার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সমাজসেবক সুলতানা কামাল, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির, কুমুদিনী হাসপাতালের পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর ভারতেশ্বরী হোমসের মাঠে মূল অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টায়। এসময় ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন। পরে রণদা প্রসাদ সাহার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কুমুদিনীর ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

আলোচনা শেষে রণদা প্রসাদ সাহার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন উপস্থিত সকলে। এসময় পুরো আলোকিত হয় ভারতেশ্বরী সবুজ চত্বর। এসময় অতিথিরা ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুমুদিনী নার্সিং ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানের অতিথি বলেন, রণদার বিষয়ে বড় কথা তার জীবন দর্শন। তিনি দানকে দায় বলে গেছেন। তাই তিনি দায় হিসেবেই সমাজে দান করে গেছেন। এটি আমাদের সবার জীবনে একটি শিক্ষণীয় বিষয়, এই দায় থেকেই আমাদের ভালো কিছু অর্জন করতে হবে।

দানবীর রণদা প্রসাদ সাহা ও তার পুত্র ভবানী প্রসাদ সাহাকে ১৯৭১ সালের ৭’মে নারায়ণগঞ্জের কুমুদিনী কমপ্লেক্স থেকে উঠিয়ে নিয়ে যায় পাকিস্তানিবাহিনী ও দোসররা। এরপর থেকে নিখোঁজ হয় তাঁরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১