বাংলাদেশের খবর

আপডেট : ২১ November ২০২১

সাংবাদিকের উপর হামলা, সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে


সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা নাজিম বাবুর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

রাজধানীর শাহবাগে সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হন ধানমন্ডি থানার সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ বাবু। এ ঘটনায় নাজিমসহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করা হয়।

শনিবার বিকেলে আজিজ সুপার মার্কেটের পাশের রাস্তায় সাইড দিতে হর্ন বাজিয়েছিলেন রিশাদ। এ সময় কথা কাটাকাটির জের ধরে গাড়ি থেকে নেমে হঠাৎ হামলা চালায় নাজিম ও তার চার সহযোগী। এতে রিশাদের মাথা, বুক ও পিঠে হেলমেট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তারা।

দ্বিতীয় দফায় বিষয়টি মীমাংসার কথা জানিয়ে আজিজ সুপার মার্কেটের চতুর্থ তলায় মালিক সমিতির অফিসে নিয়ে যাওয়া হয় রিশাদকে। সেখানে পুুলিশের সামনেই আবারো মারধর করে নাজিম ও তার সহযোগীরা। পরে রিশাদকে উদ্ধার করে নাজিমকে আটক করে পুলিশ।

এ ঘটনায় রাতেই শাহবাগ থানায়- নাজিম, তানভীর, ইউসুফ, ইকবালসহ অজ্ঞাত নামা আরো ১৫ জনকে আসামি করে মামলা করা হয়।

আহত সাংবাদিক রিশাদ হুদা বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে।

এদিকে, এর আগে ২০১৪ সালে আইশৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ অভিযানে ইয়াবা ও খেলনা পিস্তলসহ আটক হন আসামি নাজিম। পরে দুই বছরের সাজাও হয় তার। নাজিম ক্রস ফায়ারে নিহত পিচ্চি হান্নানের দুলাভাই বলেও জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১