বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০২১

মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান ‘বিজয়ের কথা’


বাংলাদেশের বিজয়ের পঞ্চাশ বছর উদযাপনে সারাদেশ থেকে পঞ্চাশেরও বেশি বীর মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে বিজয় টিভি আয়োজন করেছে ‘বিজয়ের কথা’ নামক মুক্তিযোদ্ধভিত্তিক ডকুমেন্টারি অনুষ্ঠান। এস এম নাজমুল হকের প্রযোজনা ও পরিচালনায় অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক এইচ এম রানা।

এ বিষয়ে রানা বলেন, উপস্থাপনা করাটা খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। এখানে নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি নানান বিষয়ে বিস্তর গবেষনা, জ্ঞান ও পড়াশোনার প্রয়োজন রয়েছে। গানের পাশাপাশি টিভি ও রেডিওর বিভিন্ন শো’তে দর্শক শ্রোতা আমাকে উপস্থাপকের ভূমিকায় দেখলেও এবারই প্রথম পুরো মাস জুড়ে দর্শক শ্রোতারা আমাকে প্রতিদিনই দেখতে পাবে দুইজন বীর মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে তাদের জীবনে ঘটে যাওয়া মুক্তিযোদ্ধের সময়কার নানান ইতিহাসের সত্যিকারের সব লোমহর্ষক গল্প কথা। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের নানান ইতিহাস শুনে বড় হয়েছি। সেই থেকেই স্বপ্ন ছিল যদি কখনো দেশের এই সূর্য সন্তানদের নিয়ে কাজ করার সুযোগ পাই তাহলে আমার জন্য তা হবে দারুন সম্মানের। বিজয় টিভি আমাকে সেই সুযোগটি করে দিলো।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে চারজন করে অতিথি সঙ্গে নিয়ে দুই পর্ব করে পুরো টিম নিয়ে শুটিং করছি। গৌরবের এই কাজটির সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি যেমন আনন্দিত তেমনি গর্বিত। প্রতিদিনই প্রচুর পড়াশোনা ও গবেষণার মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে। দর্শকরা প্রতি পর্বেই শুনতে পাবেন মুক্তিযুদ্ধ নিয়ে আমার লেখা একটি করে স্বরচিত কবিতা ও আবৃত্তি।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিজয়ের কথা অনুষ্ঠানটি ১লা ডিসেম্বর থেকে প্রতিদিন রাত নয়টায় প্রচারিত হবে বিজয় টিভিতে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১