বাংলাদেশের খবর

আপডেট : ২৭ November ২০২১

অপূর্ব নাজিবার ‘যোদ্ধা’


ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে অভিনেত্রী নাজিবা বাশারের ব্যক্তিগত পরিচয় অনেক দিনের। নাজিবার পরিবারের সঙ্গেও অপূর্বর দারুণ সম্পর্ক। অতীতে তারা একসঙ্গে বিভিন্ন কাজ করেছেন। তবে এবারই প্রথম জুটি বেঁধে ক্যামেরার সামনে দাঁড়ালেন।

নাটকের নাম ‘যোদ্ধা’। মুক্তিযুদ্ধে যোদ্ধাদের বীরত্ব, অবদান ও এসময়ের নতুন বায়ো যুদ্ধ (করোনাভাইরাস) মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বের গল্পে নির্মিত হচ্ছে বিশেষ এই নাটক। এটি রচনা করেছেন শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় শিহাব শাহীন।

জানা গেছে, গত তিন দিন ধরে রাজধানীর উত্তরা ও তিনশ ফিটে হচ্ছে নাটকটির শুটিং। এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অপূর্ব। নাটকটির বিষয়বস্তু নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্পে নাটকটি বিশেষ দিবসের জন্য নির্মিত হচ্ছে। মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের জন্য গৌরবময়, সেই সঙ্গে এই সময়ে নতুন যে যুদ্ধটা করতে হচ্ছে ফ্রন্টলাইনে থেকে, সেসব আত্মত্যাগের গল্প নিয়েই এ নাটক।’

জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘আমি এর আগেও দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। এমনকি ট্রিপল চরিত্রও করেছি। তবে এখানের চরিত্রটা একটু অন্যরকম। দর্শকরা পছন্দ করবে আমার বিশ্বাস।’ 

অন্যদিকে নাজিবা বাশার বলেন, ‘অপূর্বর সঙ্গে এটাই আমার প্রথম জুটি হয়ে কাজ। শুধু আমার সঙ্গেই নয়, আমার পরিবারের সঙ্গেও অপূর্বর বেশ ভালো সম্পর্ক। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি কিন্ত ওর সঙ্গে জুটি এবারই প্রথম। অপূর্বর সঙ্গে কাজ করতে আমি সবসময়ই খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। এক কথায় কাজ করে অনেক আরাম পাই।’

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নাটকটি বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১