বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০২১

ভাবিকে এসিড নিক্ষেপ

দেবরের ১০, ননদের ৭ বছরের কারাদণ্ড


জামালপুরে আনোয়ারা বেগম শিখা নামে এক নারীকে এসিড নিক্ষেপের দায়ে তার দেবরকে ১০ বছর ও ননদকে সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।  রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শাকিল আহম্মেদ বাবু (২৭) ও সাবিনা ইয়াসমিন শিলা (৩২) জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকার সামসুল হকের সন্তান। এরমধ্যে দেবর শাকিলকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং ননদ সাবিনাকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

জানা গেছে, আনোয়ারা বেগম শিখাকে পারিবারিক কলহের জেরে তার দেবর শাকিল আহম্মেদ বাবু ও ননদ সাবিনা ইয়াসমিন শিলা যোগসাজশে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। ২০১৪ সালের ১ অক্টোবর রাতে নিজঘরে টিভি দেখার সময় দেবর শাকিল ও ননদ সাবিনা ভাবি আনোয়ারাকে এসিড নিক্ষেপ করে। এতে তার শরীরের পেছন ভাগ ও দুই পায়ের হাটু পর্যন্ত দগ্ধ হয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসকর্মীরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন তিনি রাজধানীর এসিড সার্ভাইবাল ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। এ বিষয়ে আনোয়ারার বাবা আলাল উদ্দিন জামালপুর সদর থানায় মামলা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১