আপডেট : ২৯ November ২০২১
ময়মনসিংহের ত্রিশালে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাত জনের মধ্যে জুলহাস (৫০), আনোয়ার হোসেন (২৫) ও জোসনা (৪০) নামে তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ সংঘর্ষে ঘটনা ঘটে। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা কামরুল হাসান জানান, সাখুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গত রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে আব্দুল মজিদ ও আবু সাঈদ পরাজিত হয়। সিদ্দিকুর রহমান জয়লাভ করেন। আব্দুল মজিদ ও আবু সাঈদ দুই প্রার্থীই একই গ্রামের এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। তাদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে নির্বাচনে হেরে গিয়ে মজিদের নেতৃত্বে তার সমর্থকরা সকালে আবু সাইদের বাড়ির পাশের দোকানের সামনে এসে তাদের ওপর হামলা চালান। হামলায় বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, নির্বাচন পরবর্তী দুই পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। হামলা ও সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১