বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০২১

হাজীগঞ্জে বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু


চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ বাস চাপায় ঘটনাস্থলে মোরটর সাইকেল চালক ও আরোহীসহ তিনজন মারা গেছেন।

আজ শুক্রবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড বেলাশ্বর এলাকার মৃধাবাড়ীর বাসিন্দা মো. সোহাগ হোসেন, (৩০) মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, তারা ৬জন দুই মোটরসাইকেল যোগে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস তার সাথে থাকা অপর মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে করে ওই মোটরসাইকেলটি অক্ষত থাকলেও মোটরসাইকেলে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় সড়কের দুই দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন নিহতদের লাশ উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

এ দিকে মোটরসাইকেলটি চাপা দিয়ে চালক ঘাতক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বাসটিকে তাড়া করে হাজীগঞ্জ বাজারে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান বলে জানা গেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১