বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০২১

খ্রীস্ট ধর্মপল্লীর ৩৫ বীর মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা


গাজীপুরের কালীগঞ্জে তুমলিয়া খ্রীস্টান ধর্মপল্লীর আয়োজনে ওই ধর্মপল্লীর অধীনস্থ খ্রীস্ট ধর্মাবলম্বী ৩৫ জন বীর মুত্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে তুমলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।

মুজিব শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুমলিয়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার আলবিন গমেজ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, ধর্মপল্লী ন্যায় ও শান্তি কমিটির আহবায়ক বাদল বেঞ্জামিন রোজারিও, বীর মুক্তিযোদ্ধা সন্তোস লুইস গমেজ। তুমলিয়া বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপা রোজলিন কস্তার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নৃত্য, অভিনয় ও সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূবর্ণ জয়ন্তী এবং ওই ৩৫ জন বীর মুক্তিযোদ্ধার নামের ফলক উন্মোচন করা হয়। পরে অডিটোরিয়ামে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বীর মুক্তিযোদ্ধা, নবীন-প্রবীন মিলে ৫০টি মোমবাতি প্রজ্জলন করেন এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের ফুল ও মেডেল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাদল মন্ত্র, তুমলিয়া ক্রেডিট ইউনিয়নের অসীম গমেজ, খ্রীস্ট ধর্মাবলম্বী বীর মুত্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আগত খ্রীস্ট ধর্মাবলম্বীদের অংশ গ্রহণে বিশেষ খ্রীস্ট জাগ অনুষ্ঠিত হয় এবং তাদের আর্থিক সহায়তায় একটি কল্যাণ ফান্ড তৈরি করা হয়। যা স্থানীয় সামাজিক কাজে ব্যয় হবে বলে জানান আয়োজকরা। এদিকে, উপজেলার আরো ৪টি ধর্মপল্লীতে এক যুগে মুজিব শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১