বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০২১

সেই মেক্সিকান তরুণীর বিবাহোত্তর সংবর্ধনা


প্রেমের টানে সুদূর মেক্সিকো থেকে বাংলাদেশে ছুটে আসা গ্লাডিস নাইলি টরিবিও মরালেস (৩২) এবং জামালপুরের ছেলে রবিউল হাসান রুমান (২৯) দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামে এই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রবিউল হাসান উপজেলার পোগলদিঘা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যাল ডিপ্লোমা সম্পন্ন করে ফ্রিল্যান্সিংয়ে জড়িত। মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলির সঙ্গে কথা বলে জানা গেছে, মেক্সিকোর পোয়েবলা শহরের ব্যবসায়ী গ্রেগ্রোরিও টরিবিওর মেয়ে তিনি। বেনেমেরিটা অটোনমাস ইউনিভার্সিটি অব পোয়েবলা থেকে তিনি ২০১৬ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

এর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসের ২১ নভেম্বর উত্তর আমেরিকার দেশ মেক্সিকো থেকে বাংলাদেশে ছুটে আসেন ওই তরুণী। রবিউল ও তার পরিবারের লোকজন হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমান থেকে নামার পর কিছু আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকা জজ কোর্টে গিয়ে এভিডেভিটের মাধ্যমে নিজের খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন গ্লাডিস নাইলি। পরে রবিউলকে বিয়ে করেন। বিয়ের পর থেকে জামালপুরেই রয়েছেন ওই তরুণী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১