বাংলাদেশের খবর

আপডেট : ১১ December ২০২১

১৫০ কেজি ওজনের ‘সেইল ফিশ’


সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ১৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ ধরা পড়েছে। আজ শনিবার সকালে বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে ১৩ হাজার টাকায় মাছটি ক্রয় করেন জাহিদ শেখ নামে এক মাছ ব্যবসায়ী।

বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সেইল ফিশ। সাগরে এই প্রজাতির মাছ প্রায় ধরা পড়লেও এত বড় মাছ খুব বেশি পাওয়া যায় না বলে দাবি জেলেদের।

জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে মাছটি আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। কেটে ২০০ টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করছি। দুপুর পর্যন্ত অর্ধেকের মতো বিক্রি হয়েছে।

ট্রলারে থাকা জেলেরা জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাছটি আমাদের জালে ধরা পড়ে। মাঝে মধ্যেই এ প্রজাতির মাছ ধরা পড়লেও এতো বড় মাছ এই প্রথম আমাদের জালে উঠেছে। তবে মাছ নিয়ে তীরে আসতে কিছুটা দেরি হওয়ায় দাম তুলনামূলক কম পেয়েছি।

সুস্বাদু মাছ হিসেবে স্থানীয় বাজারে মাছটির সুনাম রয়েছে। জেলেরা জানায়, এর আগে বৃহস্পতিবার সাগরে জেলেদের জালে প্রায় চার মণ ওজনের মাছটি ধরা পড়ে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১