বাংলাদেশের খবর

আপডেট : ১১ December ২০২১

গমবীজ খেয়ে দেড় শতাধিক কবুতরের মৃত্যু


বড়াইগ্রামে জমিতে বপন করা বিষ মেশানো গমবীজ খেয়ে দেড় শতাধিক কবুতরের মৃত্যু হয়েছে। শনিবার ও শুক্রবার উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে এসব কবুতর মারা যায়।

স্থানীয়রা জানান, গত শুক্রবার কায়েমকোলা গ্রামের রানু গাইনসহ কয়েকজন কৃষক তাদের জমিতে গম বীজ বপন করেন। বপনের আগে ইঁদুর, পাখি ও পোকা-মাকড়ের অত্যাচার থেকে রক্ষা করতে গম বীজগুলোতে তারা বিষ মিশিয়ে দেন। পরে আশপাশের এলাকা থেকে কবুতর এসে তা খেয়ে মুহূর্তেই কিছু কবুতর মরে আশেপাশের জমিতে লুটিয়ে পড়তে শুরু করে। এ ছাড়া আরো বেশ কিছু কবুতর বাড়িতে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। পরে গতকাল শনিবার সেগুলোও মারা যায়। 

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ জানান, গম বীজ খেয়ে কামারদহ গ্রামের রঞ্জু মিয়ার ২০টি, আব্দুল জলিলের ২০টি, খোকন মিয়ার ১০টি, আল আমিনের ২০টি, জাহিদ আলীর ৭টি, আব্দুল আলিমের ৪টি, আব্দুল বাছেদের তিনটি এবং জাহিদুল ইসলামের চারটিসহ এলাকার আরো কিছু কৃষকের বাড়ির পোষা দেড় শতাধিক কবুতর মারা যায়।

বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, জমিতে বোনা গমবীজ পাখি বা ইঁদুর খেলে কৃষক ক্ষতিগ্রস্ত হন, কিন্তু বিষ মেশানো বীজ খেয়ে কবুতরের মৃত্যুতে কবুতরের মালিকদেরও আর্থিক ক্ষতি হয়েছে। জীব বৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বীজ বা খাদ্যে বিষ মিশিয়ে পাখি নিধন দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১