আপডেট : ১৪ December ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ায় তা প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি ক্ষমা চান। মোয়াজ্জেম হোসেন আলাল সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি করা হয়েছে। সঙ্গত কারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই। তাই বলছি আমার কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন অনুভুতিতে, তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে উক্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক, আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। শরীয়তপুরে একটি মানহানির মামলায় আলালের বিরুদ্ধে সমনও জারি করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমানে ভারতের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার কিডনিতে অস্ত্রোপচার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১