বাংলাদেশের খবর

আপডেট : ১৫ December ২০২১

সরকারি স্কুলে ভর্তির লটারি আজ


সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন বছরের জন্য শিক্ষার্থী ভর্তির লটারি হবে আজ বুধবার।  

গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানতে চাইলে আজিজ উদ্দিন বলেন, আগামী বছরের জন্য সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারি বুধবার বিকেল ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। অফিস আদেশে বলা হয়, বুধবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এবং ১৯ ডিসেম্বর বেসরকারি (মহানগর ও জেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি হবে।

আরো বলা হয়, ডিজিটাল লটারি প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থী http://gsa.teletalk.com.bd থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল জানতে পারবেন। এতে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করতে হবে।

মাউশি থেকে জানা যায়, আগামী বছরের জন্য সরকারি স্কুলগুলোয় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন ৫ লাখ ৩৮ হাজার ৬৬ জন।

সারা দেশে মোট ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন রয়েছে ৮০ হাজার ১১টি। এর মধ্যে অনেকেই একাধিক স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে। সেই হিসাবে পছন্দক্রম আবেদন জমা পড়েছে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি। আসনসংখ্যার হিসাবে প্রতি আসনে ভর্তির জন্য প্রায় ১৩ জন আবেদন করেছে।

২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির জন্য গত ২৫ নভেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। রোববার রাত ১২টার আগে অনলাইন আবেদন শেষ হয়।

এর আগে মাউশি এক অফিস আদেশে জানায়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া অবশ্যই আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ভর্তি পরিচালনা কমিটি, ঢাকা মহানগরের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি অভিভাবক, ব্যবস্থাপনা ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি থাকতে হবে।

করোনা মহামারির কারণে গত বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা নেওয়া হতো। নবম শ্রেণিতে ভর্তি করা হতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের ভিত্তিতে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ১৭ মার্চ সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এর প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে ক্লাস শুরু হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১